আগরতলায় প্রধানমন্ত্রী
সন্ত্রাসী কর্মকাণ্ডে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তাঁর সরকারের কঠোর অবস্থান গ্রহণের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, প্রতিবেশী ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য বাংলাদেশ তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।আজ বুধবার সন্ধ্যায় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিপুরার রাজ্যপাল যশোবন্ত রাও পাতিল ও মুখ্যমন্ত্রী মানিক সরকার সাক্ষাত্ করতে এলে তিনি এ কথা বলেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বৈঠকে প্রধানমন্ত্রী অস্ত্র ও মাদক চোরাচালান, জাল নোট এবং নারী ও শিশুপাচার রোধে ভারত-বাংলাদেশের মধ্যে সীমান্ত সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি আখাউড়া-আগরতলা রেল যোগাযোগ স্থাপন দ্রুত বাস্তবায়ন, ফেনী নদীর ওপর সেতু নির্মাণ এবং পাশাপাশি ত্রিপুরাসহ ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।এ ছাড়া ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল শিবালও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন।এর আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্যের ব্যবসায়ী নেতাদের এক বৈঠকে বক্তব্য দেন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার বিশাল ক্ষেত্র বিদ্যমান। সত্যিকার সহযোগিতা তখনই সম্ভব, যখন রাজনৈতিক সদিচ্ছা থাকে।’শেখ হাসিনা এর আগে তার দুই দিনের সরকারি সফরে ত্রিপুরা এসে পৌঁছেন। প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ভারতীয় সময় বিকেল তিনটা ১০ মিনিটে সিঙ্গেরবিল বিমানবন্দরে অবতরণ করে।ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিবাল, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার ও শিল্পমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী শেখ হাসিনাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী কাল বৃহস্পতিবার ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এই বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করবে। ভারতের উপরাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ আনসারি প্রধানমন্ত্রীর হাতে এই ডিগ্রি তুলে দেবেন। বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর এটাই প্রথম ত্রিপুরা সফর। বাসস।