সন্ত্রাসী কার্যক্রমে জড়িত দলে অর্থায়ন করবেন না: মিজানুর
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, ‘যেসব রাজনৈতিক দল দেশজুড়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে, সেসব দলে অর্থায়ন করবেন না।’ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) অষ্টম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনকালে মিজানুর রহমান এ আহ্বান জানান। রাজধানীর একটি হোটেলে আজ শনিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।ব্যবসায়ীদের দেশের রাজনীতিতে অবদান রাখার আহ্বান জানিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘দয়া করে সহিংস রাজনীতিকে না বলুন। দয়া করে গত কয়েক দিনের হরতালে যে নৃশংস কর্মকাণ্ড সংঘটিত হলো, তাকে না বলুন। দয়া করে সন্ত্রাসবাদকে না বলুন...।’ মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র এখন হুমকির মুখে। এ দেশে রাজনৈতিক বিভক্তি আছে। জনগণের মতের প্রতিফলন ঘটছে না। এমন অবস্থা দাঁড়িয়েছে যে, আমি শুধু আমার বক্তব্যই গুরুত্ব দিই।’ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ প্রমুখ।