সন্ত্রাসী বিকাশের পক্ষে সময়ের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তা ও অসুস্থতার কারণ দেখিয়ে সন্ত্রাসী বিকাশকে আদালতে হাজির করার জন্য সময়ের আবেদন করেছেন তাঁর আইনজীবী মুসলেম উদ্দিন ভূইয়া।গতকাল মঙ্গলবার করা ওই আবেদনে বলা হয়, আসামি বিকাশ নিরাপত্তা ও অসুস্থতার কারণে হাজির হতে পারেননি। তবে বিকাশ অসুস্থ, এই মর্মে আদালতে চিকিত্সকের কোনো ব্যবস্থাপত্র দেওয়া হয়নি।কারাগার থেকে বের হয়ে প্রথম তারিখে গতকাল আদালতে হাজির হননি বিকাশ। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ একটি মামলার শুনানির দিন ধার্য ছিল। পরে বিকাশের আইনজীবী মুসলেম উদ্দিন ভূইয়া আদালতে ওই সময়ের আবেদন করেন।গত ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় করা জোড়া খুনের মামলায় জামিনে থাকা আসামিকে কারাগার থেকে হাজির করা-সংক্রান্ত পরোয়ানা (প্রডাকশন ওয়ারেন্ট-পিডব্লিও) প্রত্যাহার করা হয়। এরপর কাশিমপুর কারাগার থেকে তিনি বের হয়ে যান। এই মামলায় ১৯৯৯ সালের ২০ জুন হাইকোর্টের তত্কালীন বিচারপতি মোহাম্মাদ গোলাম রব্বানি ও বিচারপতি লতিফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিকাশকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তির আদেশ দেন। অন্য মামলায় জামিন না হওয়ায় কারাগার থেকে আদালতে তাঁকে হাজির করতে একটি আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন। ২০০৮ সালের ২২ জানুয়ারি বিচারপতি মো. দস্তগীর হোসেন ও বিচারপতি হাফিজ উদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিকাশের জামিন স্থায়ী করেন। সব মামলায় জামিন হওয়ার পরও বিকাশ ওই পিডব্লিও প্রত্যাহারের আবেদন করেননি।১৯৯৭ সালের ২ এপ্রিল শেরেবাংলা নগর পিডব্লিউডি অফিসে খালিদ হোসেন মামুন এবং শামীমকে হত্যা করা হয়। ১৯৯৮ সালের ৭ জুলাই এই মামলায় বিকাশসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তত্কালীন ঢাকার সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আকরাম হোসেন। বিকাশ ছাড়া অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন আবদুল জব্বার ওরফে মুন্না, মুরাদ হোসেন, কামাল পাশা ওরফে পাশা, রাশেদ মোস্তফা ও মোহাম্মদ ইসহাক। মামলাটি বর্তমানে সাক্ষ্য পর্যায়ে রয়েছে। প্রায় ১৬ বছর কারাবাসের পর রাজধানীর মিরপুর, কল্যাণপুর, গাবতলী, তেজগাঁও এলাকার একসময়ের সন্ত্রাসী বিকাশ জামিনে মুক্তি পান।