সন্ত্রাসী বিধান বড়ুয়া গ্রেপ্তার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলার কুখ্যাত বিধান বাহিনীর প্রধান বিধান বড়ুয়া র‌্যাবের হাতে ধরা পড়েছেন বলে খবর পাওয়া গেছে। র‌্যাবের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, চট্টগ্রাম র‌্যাব-৭-এর সদস্যরা গত বৃহস্পতিবার গভীর রাতে ফেনীর মেলুয়া এলাকায় গিয়ে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন। তবে র‌্যাবের পক্ষ থেকে এ খবরের সত্যতা অস্বীকার করা হয়েছে।সূত্র জানায়, চট্টগ্রাম র‌্যাব-৭ বিধানকে ধরে এনে গতকাল শুক্রবার সকালে তাঁকে নিয়ে রাউজানের পূর্ব গুজরায় অবস্থিত তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালায়। তাঁর দেওয়া তথ্য নিয়ে তাঁর বাড়ি থেকে একটি নাইন এমএম পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিধান বড়ুয়ার বিরুদ্ধে রাউজান থানায় তিনটি হত্যাসহ মোট সাতটি মামলা রয়েছে। এ ছাড়া রাঙ্গুনিয়া ও চট্টগ্রাম শহরের বিভিন্ন থানায় তাঁর নামে ডজন খানেক মামলা রয়েছে। একটি মামলায় তাঁর ২০ বছরের সাজাও হয়েছে। তবে এতগুলো মামলা থাকার পরও এর আগে বিধান কখনোই গ্রেপ্তার হননি।এলাকার লোকজন বিধান বড়ুয়াকে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর প্রধান ক্যাডার হিসেবে চেনে।র‌্যাব কর্মকর্তারা বিধান বড়ুয়াকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেননি। এ ব্যাপারে কোনো কর্মকর্তা কথা বলতেও রাজি হননি। তবে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘আমি বিধান বড়ুয়াকে গ্রেপ্তারের খবর শুনেছি। তবে র‌্যাব এ ব্যাপারে আমাদের এখনো কোনো তথ্য দেয়নি।’র‌্যাব-৭-এর কর্মকর্তা মেজর সৈয়দ আশফাক শামীম বিধানকে গ্রেপ্তার করার অভিযানের নেতৃত্ব দেন বলে জানা গেছে। তবে প্রথম আলো থেকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।বিধানের উত্থান: বিধান বড়ুয়ার বাড়ি রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের আঁধারমানিক বড়ুয়াপাড়ায়। পারিবারিক সূত্রে জানা যায়, মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডি পার হতে না পারলেও বিধান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা ও পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আকতার হোসেন ওরফে রাজুর হাত ধরে শুরু হয় তাঁর উত্থান। স্থানীয় লোকজন জানান, আকতার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিধানের বিরুদ্ধে একটি চুরির অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা পেয়ে চেয়ারম্যান তাঁকে শাস্তি দেন। এতে ক্ষুব্ধ হয়ে বিধান আকতার হোসেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। নব্বইয়ের দশকে তিনি প্রথমে জাতীয় পার্টি এবং পরে সাকা চৌধুরী ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) গঠন করলে তিনি ওই দলে যোগ দেন। সূত্র জানায়, সাকা চৌধুরীর মন জয় করতে বেপরোয়া হয়ে ওঠেন বিধান বড়ুয়া। এ সময় তিনি নিজের নামে একটি বাহিনী (বিধান বাহিনী) গঠন করে পুরো রাউজান এলাকা নিয়ন্ত্রণ করতে থাকেন। সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে ১৯৯৩ সালে প্রথমেই খুন করেন পূর্ব গুজরার ইউপি চেয়ারম্যান ও তাঁর প্রথম রাজনৈতিক গুরু আকতার হোসেনকে। পরবর্তী এক দশকে তাঁর বাহিনীর হাতে রাউজানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর অন্তত এক ডজনেরও বেশি নেতা-কর্মী নিহত হন। তাঁদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মিয়া, মোহাম্মদ নাছিম, কৃষ্ণ দত্ত, ধনা বৈদ্য, ইকবাল, জামিল, মোহরম আলী, সোহেল, লিটন, ইউসুফ মাস্টার, মোহাম্মদ রফিক প্রমুখ।বিগত চারদলীয় জোট সরকারের মাঝামাঝি সময় পর্যন্ত বিধান বড়ুয়ার দাপট অব্যাহত ছিল। স্থানীয় একাধিক সূত্র জানায়, ২০০৪ সালে ‘অপারেশন ক্লিনহার্ট’ শুরু হলে বিধান বড়ুয়া আত্মগোপনে চলে যান। শোনা যায়, এ সময় তিনি ভদন্ত (ভান্তে) সেজে বিভিন্ন মন্দির ও প্যাগোডায় ঘুরে বেড়ান। মাথা মুড়িয়ে গেরুয়া কাপড় পরে তিনি সহজেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সক্ষম হন। কিন্তু বছর খানেকের মধ্যে এ খবর পেয়ে পুলিশ বিভিন্ন মন্দিরে অভিযান শুরু করে। তখন বিধান মধ্যপ্রাচ্যে পালিয়ে যান। এরপর দেশে ফিরে এলেও রাউজানে তাঁর দাপট ক্রমে কমতে থাকে। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে বিধান বড়ুয়া স্থায়ীভাবে রাউজান ত্যাগ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।