বিদেশে থেকেই কলকাঠি নাড়ছেন তিনি। অনেক হত্যা মামলার এই আসামি ফোন করে হুমকি দিচ্ছেন মামলা না চালাতে। কারও কাছে চাইছেন চাঁদা। ভয়াবহ পরিণতির হুমকি পেয়ে অনেকে সাক্ষ্য দিতে ভয় পাচ্ছেন বলে এগোচ্ছে না মামলা।আত্মগোপনে থেকেও মূর্তিমান আতঙ্ক হয়ে থাকা এই ভয়ংকর সন্ত্রাসীর নাম শাহাদত। পাঁচ বছর ধরে তিনি বিদেশে আছেন।খোদ পুলিশ কর্মকর্তারাই স্বীকার করেছেন, মিরপুরের এই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার না হওয়ায় অন্তত ১৫টি হত্যা মামলার কোনো কিনারা হচ্ছে না।মামলা পরিচালনা থেকে বিরত থাকতে শাহাদত বাদী ও সাক্ষীদের হত্যার হুমকি দিচ্ছে, বলে ভুক্তভোগীরা পুলিশের কাছে অভিযোগ করেছেন।গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, তাদের তথ্য অনুসারে শাহাদত বর্তমানে ভারতে। সেখান থেকেই সব সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর শাহাদত ফোন করে এ দেশে অনেককে সাক্ষাত্কার দিয়েছেন। সেসব ফোন নম্বর পরীক্ষা করে দেখা গেছে, তিনি পশ্চিমবঙ্গে ছিলেন।মিরপুর, পল্লবী ও শাহ আলী থানার নথিপত্রে দেখা যায়, দুর্ধর্ষ সন্ত্রাসী শাহাদতের নামে এসব থানায় হত্যাসহ ১৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বিচারের অপেক্ষায় পড়ে আছে আরও অনেক মামলা।এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসী শাহাদতকে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নিয়েছিল। কিন্তু বন্দিবিনিময় চুক্তি না থাকায় ফিরিয়ে আনার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, হুমকির শিকার পরিবারগুলো অভিযোগ করলে পুলিশ তাদের নিরাপত্তা দেবে।কিন্তু পরিবারগুলোর কথা হচ্ছে, এভাবে পুলিশি নিরাপত্তা নিয়ে তাদের চলাফেরা করা সম্ভব নয়। তাদের দাবি শাহাদতকে ফিরিয়ে আনা হোক।২০০৫ সালের ১২ আগস্ট মিরপুরের কোটিপতি ব্যবসায়ী কাজী মো. শহীদুল্লাহ (৪৫) খুন হন। ১০ লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে তাঁকে গুলি করে হত্যা করে শাহাদতের লোকজন। শহীদুল্লাহ মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে তাঁকে গুলি করা হয়। বাবাকে বাঁচাতে গিয়ে গুলিতে ছেলে কাজী তোফাজ্জল হোসেন প্রিন্স (১৮) আহত হন।শহীদুল্লাহর পরিবার বলেছে, সন্ত্রাসী শাহাদত মামলা তুলে নিতে এবং আদালতে সাক্ষ্য না দিতে বাদী ও তাঁর পরিবারকে হুমকি দিচ্ছেন। আতঙ্কিত পরিবারটি নিজেরাই এখন মামলার অভিযোগপত্র যাতে আদালতে জমা দেওয়া না হয় তার তদবির করছে। শহীদুল্লাহর ভাই কাজী বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া প্রায় সব আসামি জামিনে রয়েছে।মামলার তদন্তকারী সূত্র জানায়, খুনের ঘটনায় গ্রেপ্তার পাঁচজন জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।সন্ত্রাসী শাহাদতের বাহিনীর হাতে ২০০৫ সালের ডিসেম্বরে বাসার কাছে খুন হন মিরপুরের আরেক ব্যবসায়ী আফতাবউদ্দিন আহমেদ। তাঁরও ‘অপরাধ’ ছিল চাঁদা না দেওয়া। আদালত সূত্র জানায়, এ মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি রেজা দেওয়ান হত্যাকাণ্ডে নিজে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আফতাবের ভাই ব্যবসায়ী আফরোজউদ্দিন জানান, শাহাদত তাঁকে প্রায়ই মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। হুমকির কারণে অধিকাংশ সাক্ষী এলাকা ছেড়ে পালিয়েছেন। গ্রেপ্তার হওয়া আট আসামির সবাই জামিনে বেরিয়ে এসেছে বলে তিনি জানান।গত নয় বছরে সন্ত্রাসী শাহাদতের বিরুদ্ধে আরও যেসব হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ আছে, তার মধ্যে আছে ২০০১ সালে বিএনপি নেতা ও ১২ নম্বর ওয়ার্ডের কমিশনার শওকত আলী, ২০০২ সালে কেবল টিভি ব্যবসায়ী শামসুল হক, ২০০৫ সালে ব্যবসায়ী মাহবুবুর রহমান ও শফিকুর রহমান জোড়া খুন ও ২০০৬ সালে পরিবহনকর্মী পারভেজ হত্যাকাণ্ড। এ ছাড়া আরও বেশ কয়েকটি হত্যা মামলার প্রধান আসামি তিনি। হুমকিতে ভীত সাক্ষীরা আদালতে না যাওয়ায় অধিকাংশ মামলার বিচারকাজ এগোচ্ছে না।প্রথম আলোর প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদ বলেন, ‘শাহাদতকে ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি। তাঁকে আনা হলে অনেক মামলার কিনারা করা যাবে।’