সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফকে নিষিদ্ধ করুন: সন্তু লারমা
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, ‘আপনি যে আশ্বাস ও বুকভরা ভালোবাসা দিয়ে চুক্তি করেছেন, সেই আশ্বাস আর ভালোবাসা কি রক্ষা করতে পেরেছেন?’সন্তু লারমা আরও বলেছেন, সরকারি দলের স্থানীয় মন্ত্রী-এমপিরা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের ব্যাপারে মুখে এক কথা বলেন আর কাজে করেন অন্যটা। তিনি পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।আজ শুক্রবার রাঙামাটি আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র কার্যালয় চত্বরে আয়োজিত পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির ১১তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, জনসংহতি সমিতির নেতৃত্বকে ধ্বংস ও পার্বত্যচুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে একটি বিশেষ মহল ইউপিডিএফ সৃষ্টি করেছে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করছে।লারমা বলেন, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন আন্দোলনে পার্বত্য নারীদের আরও সংগঠিত ও সাহসী হতে হবে।জ্যোতি প্রভা লারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, পার্বত্য চট্টগ্রাম গুর্খা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ কে নেওয়ার, নারীনেত্রী নীলিমা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাবলু চাকমাসহ অনেকেই উপস্থিত ছিলেন।