সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্কতা
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থানরত মার্কিন নাগরিকদের বেশ কয়েকটি এলাকায় যাওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এসব এলাকায় সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে পাকিস্তানের কর্মকর্তারা হুঁশিয়ার করার পর গতকাল রোববার যুক্তরাষ্ট্র দেশের নাগরিকদের সতর্ক করে। ‘টাইমস অব ইন্ডিয়া’ অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।পাকিস্তানের মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় বলা হয়, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক আজ ইসলামাবাদে সম্ভাব্য সন্ত্রাসী হামলার ব্যাপারে একটি সাধারণ সতর্কবার্তা দিয়েছেন। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত প্রধান সরকারি ভবনগুলো এই হামলার মূল লক্ষ্যবস্তু হতে পারে। এলাকাটি ‘হামলাপ্রবণ এলাকা’ বলে পরিচিত। এ ছাড়া সেখানকার ম্যারিয়ট হোটেল, সেরেনা হোটেল, হলিডে ইন, বেস্ট ওয়েস্টার্ন ও মারগালা মোটেলেও সন্ত্রাসী হামলা হতে পারে বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।এ অবস্থায় পাকিস্তানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সদা সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ। তাঁদের ইসলামাবাদের চিহ্নিত এলাকাগুলোতে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ ব্যাপারে পাকিস্তানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা দেয়নি।এর আগে গত মাসে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের নাগরিকদের দরকার ছাড়া পাকিস্তানে সব ধরনের ভ্রমণ বন্ধ করার নির্দেশ দেয়। দেশটিতে যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়তা বাহিনী ও ন্যাটোর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে বলে জানায় তারা।