সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র স্বীকার বাংলাদেশি বংশোদ্ভূত যুবকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ও কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলার ষড়যন্ত্র করার কথা স্বীকার করেছেন কথিত আল-কায়েদার সমর্থক মার্কিন যুবক রেজোয়ান ফেরদৌস। আল-কায়েদাকে বিস্ফোরক সরবরাহের অভিযোগে তাঁকে গত বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়।রেজোয়ান ফেরদৌসের বাবা-মা বাংলাদেশি বংশোদ্ভূত। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জন্ম নেওয়া রেজোয়ান বোস্টনের নর্থ-ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে পদার্থবিদ্যায় স্নাতক। সন্ত্রাসবাদের দায়ে তাঁর ১৭ বছরের কারাদণ্ড হতে পারে।রেজোয়ানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন মার্কিন ফেডারেল আদালতের বিচারক। এ ব্যাপারে আগামী ১ নভেম্বর চূড়ান্ত শুনানি হবে। সরকারি কৌঁসুলিরা তাঁকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়ার সুপারিশ করেছেন।মামলায় বলা হয়েছে, গোয়েন্দারা আল-কায়েদার লোক সেজে রেজোয়ানের কাছে গেলে তিনি তাঁদের কাছে বিস্ফোরক চেয়েছিলেন। তখন তাঁকে ছয়টি মেশিনগান, গ্রেনেড, প্লাস্টিক বিস্ফোরক ও হামলায় ব্যবহারের জন্য সাত ফুট দীর্ঘ একটি মডেল বিমান দেওয়া হয়। পরে তিনিও আল-কায়েদার লোক সাজা এফবিআইয়ের গোয়েন্দাদের ইরাকে মার্কিন সেনাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য মুঠোফোন-নিয়ন্ত্রিত বিস্ফোরক দেন। রেজোয়ানের বিরুদ্ধে অভিযোগ, তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২০১০ সাল থেকে ‘জিহাদের’ পরিকল্পনা করছেন। মামলা চললে দুটি অভিযোগে তাঁর ৩৫ বছরের সাজা হওয়ার সম্ভাবনা ছিল। তবে কৌঁসুলিদের সঙ্গে সমঝোতা হওয়ায় তা ১৭ বছরে নেমে আসে।সরকারি আইনজীবী স্টিফানি সিয়েগমান বলেন, জিজ্ঞাসাবাদে পর্যায়ক্রমে হামলা চালানোর পরিকল্পনার কথা স্বীকার করেছেন রেজোয়ান ফেরদৌস। মুঠোফোন-নিয়ন্ত্রিত বিস্ফোরক ও গ্রেনেড-সংবলিত মডেল বিমানের সাহায্যে পেন্টাগন ও কংগ্রেস ভবন ধ্বংস করতে চেয়েছিলেন তিনি ও তাঁর সহযোগীরা। বিবিসি ও এএফপি।