সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগকর্মী নিহত
লক্ষ্মীপুরের রাধাপুরে আজ সোমবার ভোররাতে সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগের কর্মী মেহেদী হাসান নিহত হয়েছেন। চাঁদা না দেওয়ায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর হোসেন শামীমের সন্ত্রাসী বাহিনী তাঁকে হত্যা করেছে বলে দাবি করেছে নিহত মেহেদী হাসানের পরিবার। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।মেহেদী হাসানের মা সামছুন নাহার ও বোন শেফালী বেগম প্রথম আলো ডটকমকে জানান, গত দেড় মাস আগে বিদেশ থেকে ছুটিতে বাড়িতে আসেন মেহেদী হাসান। দেশে আসার পর থেকে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল শামীম বাহিনীর সন্ত্রাসীরা। চাঁদা না দেওয়ায় আজ ভোররাত সাড়ে তিনটায় রাধাপুরে আওয়ামী লীগ নেতা ও আত্মীয় গোলাম মাওলার বাড়িতে গিয়ে মেহেদী হাসানের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ সময় আরও তিনজন আহত হন। আহত মাসুদ আলম, আবদুল হাই ও গোলাম মাওলাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ভাঙা খাঁ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম মাওলা জানান, নিহত মেহেদী আওয়ামী লীগের কর্মী ছিলেন।আজ সকালে এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানায় ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা মামলা করেছেন নিহত মেহেদীর বাবা মফিদুল্লাহ। মামলার পর ফজিউল্লাহ ও মো. শফিক নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের জকসিন বাজার এলাকায় সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা। পরে ঘটনাস্থলে পুলিশ যাওয়ায় অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা।ঘটনার সত্যতা স্বীকার করে লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) লিটন দেওয়ান প্রথম আলো ডটকমকে জানান, তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মেহেদী হাসানের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে এলাকায় ইউপি চেয়ারম্যান নূর হোসেন শামীমের দুর্নাম রয়েছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, খুনসহ নানা অপরাধে ১০-১২টি মামলা রয়েছে।