সন্ত্রাসীদের গুলিতে পানছড়িতে একজন নিহত
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে নিজ বাড়িতে গোপাল ত্রিপুরা (৪৪) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার সীমান্তবর্তী গ্রাম সুচন্দ্র কার্বারীপাড়ায় এ ঘটনা ঘটে।নিহতের স্ত্রী ধলিকা ত্রিপুরার উদ্ধৃতি দিয়ে লোগাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সাধন কুমার চাকমা জানান, বাড়ির বেড়ার ছিদ্র দিয়ে সন্ত্রাসীরা ঘুমন্ত গোপালের বুকের বাঁ-পাশে দুটি গুলি করে। এতে সঙ্গে সঙ্গে তিনি মারা যান।পানছড়ি থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক মো. মফিজুল ইসলাম জানান, সকালে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।নাম প্রকাশ না করে প্রতিবেশীরা জানায়, গোলাপ ত্রিপুরা ভারতের বাসিন্দা। তিনি অনেক দিন ধরে বাংলাদেশে বাস করার সুবাদে ধলিকা ত্রিপুরাকে বিয়ে করে ঘরজামাই হিসেবে বসবাস করছেন। ইতিমধ্যে তিনি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রও সংগ্রহ করেছেন। প্রতিবেশীরা আরও জানায়, তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের উগ্রপন্থীদের নানাভাবে সহযোগিতা করতেন। এ কারণে তিনি খুন হয়ে থাকতে পারেন বলে তাদের ধারণা।