সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সবুজ মিয়া (২৭) নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।আজ শুক্রবার রাত ১০টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ডের মাদানি সিএনজি স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সবুজের বাড়ি পৌর এলাকার সাত নং ওয়ার্ডের দরিরামপুর গ্রামে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ রাত ১০টার দিকে কয়েকজন সন্ত্রাসী অতর্কিতভাবে সবুজ মিয়ার কনফেকশনারির দোকানে ঢুকে পড়ে। দোকানে ঢুকেই তাঁরা সবুজকে মারধর করে ও তাঁর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। স্থানীয় লোকজন সবুজকে আহত অবস্থায় প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই পুলিশ রুবেল মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে।ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় ওই পথ দিয়েই তিনি বাসায় যাচ্ছিলেন। এ ঘটনা দেখার পর তিনি হাতেনাতে রুবেলকে আটক করে থানায় নিয়ে আসেন। অন্যরা পালিয়ে যায়। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।