সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সামনে রেখে সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেছেন, এ তালিকা প্রণয়ন একটি চলমান প্রক্রিয়া। এতে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হচ্ছে না।আজ সোমবার পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে দেশের আইনশৃঙ্খলা নিয়ে ত্রৈমাসিক পর্যালোচনা বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত আইজিপি নাঈম আহমেদ, জাভেদ পাটোয়ারী, শামসুজ্জোহা খন্দকার, শহীদুল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।সূত্র জানায়, সংবাদ বিফিংয়ের আগে সকাল থেকে দেশের অপরাধ পরিস্থিতি নিয়ে আইজিপি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কর্মকর্তাদের আরও সতর্ক হতে বলেন। বৈঠকে উল্লেখ করা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম দফায় ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। আশা করি, সামনের নির্বাচনও সুষ্ঠু হবে। তিনি বলেন, সন্ত্রাসীদের তালিকা তৈরি চলমান প্রক্রিয়া। এ তালিকা হালনাগাদ করা হবে। নতুন অপরাধী পেলে তাদের আইনের আওতায় আনা হবে।এ সময় আইজিপি বলেন, নির্বাচনের সময় আমাদের তত্পরতা আরও বাড়ানো হবে। নির্বাচন বিঘ্নিত হতে পারে, এমন আশঙ্কা পেলেই পুলিশ ব্যবস্থা নেবে।নির্বাচন সামনে রেখে থানা পর্যায়ের পুলিশ সদস্যদের বদলি করা হবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, এর আগে এ ধরনের কোনো সমস্যা দেখা দেয়নি। এখনো হবে না। রাজনৈতিক তদবির ছাড়া পুলিশের বদলি হয় না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ অভিযোগ ঠিক নয়। পুলিশ সদস্যদের পুলিশই বদলি করে। মন্ত্রণালয় শুধু সে প্রস্তাব অনুমোদন করে। এতে দলীয় পরিচয় বিবেচনায় আনা হয় না।