সন্ত্রাসীদের নতুন তালিকা করার কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাদ পড়াদের যোগ করে শীর্ষ সন্ত্রাসীদের নতুন একটি তালিকা শিগগিরই প্রকাশ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। গতকাল রাজধানীর উত্তরার আজমপুরে নবাব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শিগগিরই শীর্ষ সন্ত্রাসীদের মূলোৎপাটন করা হবে, গডফাদারদেরও আইনের মুখোমুখি করে জনসম্মুখে তাদের নাম প্রকাশ করা হবে।গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, তালিকায় নাম থাকা সন্ত্রাসীদের ব্যাপারে তারা খোঁজখবর করতে শুরু করেছে। এদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ কম, তাদের নাম বাদ দিয়ে ভয়ংকর কিছু সন্ত্রাসীর নাম নতুন তালিকায় যুক্ত হতে পারে। তবে কবে নাগাদ নতুন তালিকা প্রকাশ করা হবে, তা কেউ বলতে পারেনি।ঢাকা মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ঢাকা মহানগর পুলিশ সন্ত্রাসীর তালিকা হালনাগাদ করতে শুরু করেছে। কোন সন্ত্রাসীর বিরুদ্ধে কত মামলা আছে, মামলাগুলোর অবস্থা কী, তা খতিয়ে দেখা হচ্ছে। আদালত থেকে মামলার বিবরণ চাওয়া হয়েছে।গত সোমবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৪২ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করেন। এ তালিকায় বেশ কিছু কুখ্যাত সন্ত্রাসীর নাম নেই, আছে একাধিক নিহত ব্যক্তির নাম। ফলে তালিকাটি নিয়ে পুলিশের মধ্যেই প্রশ্ন উঠেছে। তালিকা নিয়ে পুলিশ কর্মকর্তারা বিব্রত হন। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, এই ৪২ সন্ত্রাসীর মধ্যে ১০ জন গ্রেপ্তার হয়ে এখন কারাবন্দী। আরও ১০ জন পলাতক এবং একজন নিখোঁজ। তবে অন্য ২১ জনের কোনো তথ্য সাহারা খাতুন দেননি।শাহাদতের প্রতিবাদ: সন্ত্রাসী তালিকা নিয়ে প্রকাশিত খবরে নিজের নাম থাকায় প্রতিবাদ করেছেন বিদেশে থাকা শাহাদত হোসেন। গতকাল সন্ধ্যায় তিনি প্রথম আলোতে ফোন করে বলেন, চার বছর ধরে তিনি বিদেশে আছেন। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তিনি এখন জড়িত নন। তাঁর নামে ঢাকায় যেসব অপরাধ হয়, তার সঙ্গে শাহাদতের কোনো যোগসূত্র নেই। সংশোধনী: সন্ত্রাসী তালিকা নিয়ে গতকাল প্রকাশিত খবরের সঙ্গে ছাপানো বাঁয়ের ছবিটি উপরে উল্লিখিত শাহাদতের নয়। এ ছবিটি পোস্তগোলার নিহত শাহাদতের। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দুঃখিত।