সন্ত্রাসীদের ভয়ে গ্রামে যেতে পারছেন না এক মুক্তিযোদ্ধা
‘আমার চাচাতো ভাই মারা গেছেন, কিন্তু তাঁর জানাজায় যে অংশ নেব, তা-ও পারছি না। সন্ত্রাসীরা আমার গ্রামে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। যেতে দিচ্ছে না গ্রামে।’ বলছিলেন ফেনীর ফুলগাজী উপজেলার জগতপুর গ্রামের মুক্তিযোদ্ধা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অবসরপ্রাপ্ত বাণিজ্যিক ব্যবস্থাপক নুরুন্নবী ভূঁইয়া। নিজ গ্রামে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তিনি। সর্বশেষ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে তিনি জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট অনুমোদনকারীর সহায়তায় কিছু রাস্তাঘাট ও তোরণ নির্মাণ করার এবং চাষিদের উৎসাহ ভাতা দেওয়ার পদক্ষেপ নেন। কিন্তু তার এই কর্মকাণ্ড কিছু দুর্বৃত্তকারীর সন্ত্রাসী কার্যকরাপের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসীরা স্থানীয় প্রভাবশালী কিছু মানুষের প্রশ্রয়ে কাউকে তোয়াক্কা না করে তাঁদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় গ্রামে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতে বাধা দিয়ে তাঁকে হয়রানি করে কিছুসংখ্যক দুর্বৃত্ত। তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এসব সন্ত্রাসী তাঁদের নির্যাতনের হুমকি দিচ্ছে। গাছ কাটা, মাটি লুট করা, খুন করার চেষ্টা, সাইনবোর্ড ভাঙা, গালিগালাজ করা ও চাঁদা চেয়ে হুমকি দিতে থাকলে তিনি স্থানীয় থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় রাস্তার ওপর তাঁর ছোট বোনের শ্লীলতাহানির চেষ্টা করে। বিভিন্ন সময় হামলা ও নির্যাতনের কারণে ফুলগাজী থানায় ডায়েরি করেছেন তিনি। কিন্তু সন্ত্রাসীদের অত্যাচারের মাত্রা কোনোভাবেই কমেনি। প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের সুবিচার পাচ্ছেন না বলে তিনি জানান।২০১০ সালের ২২ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত তাঁর স্ত্রী ও ছোট বোন শফিকুন নাহার ভুঁইয়া (চিকিৎসক) কয়েকবার হামলার শিকার হন। শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে তাঁর স্ত্রী ২০১০ সালের ১৬ মার্চ মারা যান।সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার জন্য অনুরোধ আসে বিভিন্ন মহল থেকে। তবে থেমে থাকেননি নুরুন্নবী ভূঁইয়া। জোরপূর্বক সম্পত্তি দখল, গায়ের জোরে মানুষের ওপর নির্যাতন করার এসব ঘটনা বিশদভাবে জানিয়ে জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে তাঁর অভিযোগ। সন্ত্রাসীদের বিভিন্ন ধরনের ভয়ভীতির কারণে তিনি নিজ গ্রামে যেতে পারছেন না। সর্বশেষ গত ১১ জানুয়ারি সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।