সন্ত্রাসীদের শর্ত মানা হয়েছে
অপহৃত ছয় বছরের শিশু পরাগ মণ্ডলকে ফিরে পাওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল পরাগকে জীবিত অবস্থায় তার মা-বাবার কাছে ফেরত পাঠানো। এ জন্য সন্ত্রাসীরা যে শর্ত দিয়েছে, তা মানা হয়েছে। তবে ৫০ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার কোনো বস্তুনিষ্ঠ খবর আমাদের কাছে নেই।’ আজ বুধবার নিজ কার্যালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পরাগের অপহৃত হওয়ার বিষয়টি ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল মঙ্গলবার যে মন্তব্য করেছিলেন, আজকের বৈঠকে তিনি তার ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘পরাগকে অপহরণের ঘটনাটি দুঃখজনক। এ ধরনের ঘটনা ঘটার কথা নয়। সে জন্য একে বিচ্ছিন্ন বলা হয়েছে।’ রাজধানী ও সারা দেশে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলা প্রসঙ্গে মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘যারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে, তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’ সরকারের তরফ থেকে এ ধরনের কাজ ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হামলার ব্যাপারে কিছু রাজনৈতিক দল কোনো বিবৃতি দেয়নি। যারা বিবৃতি দেয়নি, তাদের এ ঘটনায় হাত আছে বলে অভিযোগ করেন মন্ত্রী। তিনি দাবি করেন, পুলিশের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত দুই হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ তদন্তের ভিত্তিতে আইনের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হবে। বৈঠকে আইনমন্ত্রী শফিক আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ৫০ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর কেরানীগঞ্জের আটিবাজার মিল এলাকায় ছয় বছরের শিশু পরাগ মণ্ডলকে ছেড়ে দেয় অপহরণকারীরা। র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান ‘প্রথম আলো’কে জানান, রাজধানীর একজন শীর্ষ সন্ত্রাসী এ অপহরণের সঙ্গে জড়িত। কিছুদিন আগে সে জেল থেকে ছাড়া পায়। টাকার জন্য সে পরাগকে অপহরণ করে। এ চক্রে ছয়-সাতজন জড়িত। অপহরণকারীরা ওই শিশুর বাবার কাছে প্রথমে দুই কোটি টাকা দাবি করে। পরে এটা কমিয়ে তারা এক কোটি টাকা চায়। সর্বশেষ গতকাল রাতে ৫০ লাখ টাকায় রফা হয়। গত রোববার সকালে স্কুলে যাওয়ার পথে কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়ার বাসার প্রায় ৫০ গজ দূরে গলির মুখে বোন পিনাকি মণ্ডলের পায়ে ও মা লিপি মণ্ডলের বুকে গুলি করে ছোট্ট পরাগকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।