সন্ত্রাসীদের হামলায় মারা গেলেন একজন
সন্ত্রাসীদের হামলার শিকার আলমগীর হোসেন (৩২) তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে গতকাল বুধবার রাতে প্রাণ হারালেন। তাঁর বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানার আবদুল্লাপুর ভাওয়ারবিটি এলাকায়। তিনি আবদুল্লাপুর বাজারে মোবাইল ফোনের ব্যবসায়ী ছিলেন।এ ঘটনায় আজ রানা (২০) নামের এক যুবককে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ।জানা যায়, আলমগীর গত সোমবার রাত সাড়ে আটটার দিকে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। বাসার কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁর মাথায় আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আলমগীরকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে তিনি মারা যান।নিহত আলমগীরের স্ত্রী ফরিদা বেগম জানান, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছে।দক্ষিণ কোরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ব্যবসাসংক্রান্ত কোনো ঘটনার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।