সন্ত্রাসীর গুলিতে ঝুট ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেওড়াপাড়ায় গতকাল শনিবার দুপুরে নূরুল ইসলাম (৪০) নামের এক ঝুট ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। তবে পরিবারের দাবি, চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীকে খুন করেছে।র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, কাফরুল এলাকার কারাবন্দী সন্ত্রাসী কিলার আব্বাসের নির্দেশে নূরুল ইসলামকে খুন করা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। কিলার আব্বাস কারাগার থেকে টেলিফোনে এ নির্দেশ দিয়েছেন মর্মে র‌্যাব প্রাথমিক তথ্য পেয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে নূরুল ইসলাম স্ত্রী মাহী আক্তারকে নিয়ে মোটরসাইকেলে শেওড়াপাড়ার ইকরা হোটেলে খেতে যান। খাবার খেয়ে মোটরসাইকেলে ওঠার সময় অন্য মোটরসাইকেলে করে আসা তিন যুবক তাঁকে লক্ষ্য করে গুলি করে। বুকের বাঁ পাশে দুটি গুলি লেগে গুরুতর আহত হয়ে ঢলে পড়েন নূরুল। স্ত্রী ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সূত্র জানায়, নূরুল ইসলামের দুই স্ত্রী। প্রথম স্ত্রী ইয়াছমিন আক্তার ও সন্তানদের নিয়ে তিনি মানিকদী বাজারসংলগ্ন এলাকায় থাকতেন। দ্বিতীয় স্ত্রী মাহী আক্তার থাকেন রাজধানীর মধ্য বাড্ডায়। মাহী আক্তার বলেন, ‘হত্যার কারণ সম্পর্কে আমি কিছুই জানি না। নূরুলের প্রথম স্ত্রী জানে।’ পরে বলেন, সন্ত্রাসীদের সঙ্গে তাঁর ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। নূরুলের বিরুদ্ধে থানায় মামলাও আছে বলে তিনি জানান।নূরুলের প্রথম স্ত্রী বলেন, ঝুট ব্যবসার জন্য বর্তমান ভাষানটেক থানার কচুক্ষেতে নূরু নামের এক সন্ত্রাসীকে মাসে ৬০ হাজার টাকা চাঁদা দিতেন নূরুল। কিছুদিন আগে নূরু দুই লাখ দাবি করলে তিনি এক লাখ টাকা দেন। বাকি টাকা না দেওয়ায় তাঁকে হত্যা করা হয়। তিনি আরও বলেন, প্রায় সাড়ে তিন বছর আগে চাঁদপুরে নূরুলকে সন্ত্রাসীরা গুলি করে আহত করেছিল। এর ছয় মাস পর কাফরুলেও তাঁকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, নূরুলের বিরুদ্ধে কাফরুলসহ কয়েকটি থানায় হত্যা ও অস্ত্রসহ সাতটি মামলা রয়েছে। সন্ত্রাসী চক্রের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে তিনি জানান।