সন্ত্রাসীর লাল গেঞ্জি, র্যাব এবং লিমনের লাল রক্ত
ঝালকাঠির রাজাপুর উপজেলার দাগি সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারকে ধরতে সোর্স (তথ্যদাতা) নিয়োগ করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত ২৩ মার্চ বিকেলে র্যাব-৮-এর একটি দল মোরশেদকে ধরতে অভিযান চালায়। সেই অভিযানে ব্যক্তির চেয়ে পরনের কাপড় হয়ে ওঠে সন্ত্রাসী শনাক্তকরণের মুখ্য বিষয়। আর তার শিকার হয় নিরপরাধ কলেজছাত্র লিমন হোসেন। গত কয়েক দিনে প্রথম আলো ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে এই অভিযানের একটি পূর্ণাঙ্গ চিত্র পায়। তাতে বেরিয়ে আসে এক অপেশাদার অভিযানের আদ্যোপান্ত। সন্ত্রাসী মোরশেদের চাচা মিল্লাত হোসেন জমাদ্দার, লিমনের সঙ্গে থাকা দুই কিশোর আবির ও রসুল, দূরে দাঁড়িয়ে থাকা লিমনের মাসহ একাধিক ব্যক্তির সামনে ঘটে সেই নিষ্ঠুরতা।মিল্লাত হোসেন জমাদ্দার প্রথম আলোকে জানান, ২৩ মার্চ বিকেল চারটায় তাঁদের জমাদ্দারবাড়ি সেতুর কাছে এসে গাড়ি থেকে নামেন র্যাবের সদস্যরা। তাঁদের মধ্যে সাদা পোশাকে থাকা র্যাবের এক সদস্য সোর্স কালামকে সঙ্গে নিয়ে হেঁটে দেড় কিলোমিটার দূরের পুরাতন জমাদ্দারহাট সেতু এলাকায় যান মোরশেদের অবস্থান জানতে। সেতুর ওপরে তারা মোরশেদকে দেখতে পান। মোরশেদ কালামকে ডেকে জিজ্ঞেস করেন, ‘গত দুই-তিন দিন ধরে কানদে (কাঁধে) কোদাল নিয়ে তুই এই এলাকায় ঘোরাফেরা করতেছস কেন?’ কালাম বলেন, ‘এলাকায় মাডি কাটতে আইছি।’ সঙ্গে থাকা লোকের পরিচয় জানতে চাইলে কালাম র্যাবের সদস্যকে ঢাকা থেকে আসা বন্ধু বলে পরিচয় দেন। মোরশেদ র্যাবের ওই সদস্যকে কাছে ডাকে এবং একপর্যায়ে ধাওয়া দিলে তিনি জমাদ্দারবাড়ি সেতুর দিকে দৌড় দেন। সেখানে অপেক্ষা করছিলেন র্যাবের অন্য সদস্যরা। আর কালাম দৌড় দেন গ্রামের দিকে।আধা ঘণ্টা পর র্যাবের ওই সদস্য দেড় কিলোমিটার দূরের জমাদ্দারবাড়ি সেতুতে গিয়ে অপেক্ষমাণ র্যাব কর্মকর্তাদের জানান, মোরশেদ পুরাতন জমাদ্দারহাট সেতুর ওপর আছেন। গায়ে লাল গেঞ্জি। সঙ্গে সঙ্গে র্যাবের সদস্যরা হেঁটে রওনা হন।মোরশেদের চাচা মিল্লাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘এই কথা শোনার পর আমি একটু সরে গিয়ে মোরশেদের মোবাইলে ফোন করি। তাকে বলি, তুই চিহ্নিত হয়ে গেছিস। তোর গায়ে লাল গেঞ্জি আছে র্যাব জেনে গেছে। গেঞ্জি পাল্টে পালা।’এদিকে আধা ঘণ্টা পর র্যাবের দলটি যখন জমাদ্দারহাট সেতুতে পৌঁছায়, তখন সেতুর ওপর কলেজছাত্র লিমন হোসেন, অষ্টম শ্রেণীর ছাত্র আবির ও রসুল হোসেন বসে ছিল। লিমনের গায়ে ছিল লাল রঙের হাফহাতা শার্ট।কিশোর আবির প্রথম আলোকে বলে, ‘আইয়াই র্যাব মোরে কিল-ঘুষি মাইর্যা সেতু দিয়া সরাইয়া দ্যায়। হ্যারা লাল হাফশার্ট পরা লিমন ভাইরে জামার কলার ধইরর্যা কয়, তুই সন্ত্রাসী মোরশেদ। লিমন ভাই কয়, আমি ছাত্র। র্যাব তারে সেতুর ১৫-২০ গজ উত্তরে কেলাগাছ ঘিরা রাস্তায় লইয়া যায়।’এরপর অষ্টম শ্রেণীর ছাত্র রসুল হোসেন প্রথম আলোকে বলে, ‘মুই পিছে পিছে গেলে র্যাব কয়, তুই এহানে চুপ কইরর্যা খাড়াইয়া থাকপি। র্যাব লিমন ভাইর মাথায় পিস্তল ঠেহাইয়া নাম জানতে চায়। লিমন ভাই নাম বইল্যা বলে মুই ছাত্র।’এই সেতুর কাছে লিমনদের বাড়ি। আবির ও রসুল জানায়, এরই মধ্যে লিমনের মা হেনোয়ারা বেগম ঘটনাস্থলে ছুটে আসেন এবং সেতুর ওপর দাঁড়িয়ে থাকা কয়েকজন র্যাব সদস্যকে বলেন, ‘আমার ছেলে নির্দোষ, হে কলেজে পড়ে। ওরে ছাইর্যা দ্যান।’ কিন্তু শোনেননি র্যাবের সদস্যরা।রসুল জানায়, ‘হেই সময় এক র্যাব কয়, ও পলাইয়া যাইবে, ওর পায়ে গুলি দে। তহন আরেক র্যাব লিমন ভাইয়ের বাঁও ঠ্যাঙ্গে গুলি দ্যায়।’লিমন ও আবিরের মা জানান, ওই সময় লোকজন জড়ো হয় এবং লিমনের কাছে যেতে চায়। কিন্তু র্যাবের সদস্যরা তাদের কাছে যেতে দেননি। এরপর র্যাবের সদস্যরা রাস্তা থেকে ৮-১০ হাত পশ্চিমে শহীদ জমাদ্দারের ঘর থেকে একটি কাঁথা এনে লিমনকে ঢেকে রাখেন।ঘটনাস্থলে উপস্থিত সত্তরোর্ধ্ব বৃদ্ধ আবদুল হাই জানান, উপস্থিত লোকজন র্যাব সদস্যদের বলেন, যাকে গুলি করেছেন, সে তো মোরশেদ নয়, কলেজছাত্র লিমন। এ সময় র্যাবের একজন সদস্য দুই হাতে আঁজলা করে লিমনের পায়ের কাছে জমে থাকা রক্ত নদীতে ফেলে দেন। প্রায় দেড় ঘণ্টা ঘটনাস্থলে পড়ে থাকার পর র্যাবের সদস্যরা কিশোর রসুলকে দিয়ে একটি নৌকা আনান এবং তাতে করে লিমনকে জমাদ্দারবাড়ির সেতুর কাছে নিয়ে যান, যেখানে র্যাবের গাড়ি রাখা ছিল।এখানে সেজো চাচা মোফাজ্জল হোসেন লিমনকে দেখতে চাইলে র্যাবের সদস্যরা তাঁকে ‘তুই মোরশেদের সহযোগী’ বলে গাছের ডাল ভেঙে নিয়ে পেটান। এতে তাঁর পায়ের গোড়ালি ফেটে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটার দিকে র্যাবের গাড়িতে তুলে লিমনকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গাড়িতে লিমনের মা উঠতে চাইলে র্যাবের সদস্যরা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন।ঘটনাস্থলের ১০০ গজ দূরে খেতে কাজ করছিলেন ইউসুফ আলী। তিনি বলেন, র্যাব এলে তিনি তাদের কাছে যান। র্যাবের সদস্যরা তাঁকে ধমক দিয়ে সরে যেতে বলেন। এরপর তিনি একটি গুলির শব্দ শোনেন এবং ‘ও মা ও কাক্কু’ বলে চিৎকার শোনেন। তিনি দৌড়ে লিমনের কাছে গেলে র্যাব তাঁকে লাঠি দিয়ে পেটায়।মোরশেদের চাচা মিল্লাত হোসেন জমাদ্দার জানান, সন্ধ্যার দিকে তিনি আবার জমাদ্দারবাড়ির সেতুর কাছে যান। র্যাব তাঁকে জানায়, মোরশেদকে পাওয়া যায়নি। তাঁর এক সহযোগীকে পাওয়া গেছে। ওর পায়ে গুলি লেগেছে। তিনি বলেন, ‘এ কথা হুইন্না আউগ্গাইতেই দেহি, র্যাবের গাড়িতে সাতুরিয়া গ্রামের তোফাজ্জেলের ছেলে লিমন। র্যাবরে কই, স্যার, হে তো তোফাজ্জেলের ছেলে। মোরশেদের সহযোগী না।’মিল্লাত জমাদ্দার প্রথম আলোকে জানান, এরপর তিনি জমাদ্দারহাট সেতুতে যান। সেখানে লোকজনের সঙ্গে কথা বলে জেনেছেন, সোর্স কালামকে সঙ্গে নিয়ে যাওয়া র্যাবের সদস্য যখন মোরশেদের তাড়া খেয়ে দৌড় দেন, তখন তাঁর কোমরে অস্ত্র দেখতে পান মোরশেদ। মুহূর্তের মধ্যে মোরশেদ সেতুর পাশের সন্ধ্যা নদী দিয়ে ইঞ্জিনচালিত নৌকায় করে পালিয়ে যান। যোগাযোগের চেষ্টা করেও র্যাবের সোর্স কালামকে পাওয়া যায়নি। স্থানীয় লোকজন জানিয়েছেন, কালামকে এলাকায় দেখা যাচ্ছে না। তবে গত মঙ্গলবার র্যাব এলাকায় তদন্ত করতে গেলে কালাম তাদের কাছে সাক্ষ্য দেন।পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন লিমন প্রথম আলোকে জানায়, ঘটনার সময় তার পরনে এমব্রয়ডারি করা লাল রঙের একটি হাফহাতা জামা ছিল। র্যাব তাকে গুলি করার পর ওই শার্ট দিয়ে তার জখমস্থল বেঁধেছিল। পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক সেবিকা সেটি খুলে ফেলেন।গত সোমবার র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান বলেন, লিমন ঘটনার শিকার হয়েছে। সে সন্ত্রাসী নয়।