২০০৫ সাল থেকে এ পর্যন্ত পুলিশের মোট ২৩ জন কর্মকর্তা ও সদস্য দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন
সন্ত্রাসীরা আবার বেপরোয়া, শিকার হচ্ছে পুলিশও
রাজধানীতে সন্ত্রাসীরা আবার বেপরোয়া হয়ে উঠছে। অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহূত হচ্ছে প্রকাশ্যে। সাধারণ মানুষের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশও সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছে। সর্বশেষ গত বৃহস্পতিবার গভীর রাতে মতিঝিলে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন কনস্টেবল মঞ্জুরুল ইসলাম। আহত হন পুলিশের অপর এক সদস্য। এর আগে এপ্রিল মাসে হত্যা করা হয় এক পুলিশ কর্মকর্তাকে।এসব ঘটনায় জনগণের জানমালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাই বলেছেন, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের তত্পরতা না থাকায় পরিস্থিতি দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে। এ ছাড়া হত্যার ঘটনাগুলোর বেশির ভাগেরই মূল আসামিরা ধরা পড়েনি। অন্য সাধারণ মামলাগুলোর মতো এসব মামলার তদন্তও চলছে ঢিমেতালে। এর সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরা, হয়ে উঠছে বেপরোয়া।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হক বলেন, খিলক্ষেতে পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়কে বড় করে দেখার অভিযোগ নাকচ করে তিনি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর সদস্যদের প্রায়ই এ ধরনের আক্রমণের শিকার হতে হচ্ছে। তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।কয়েকজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পুলিশের ওপর পর পর কয়েকটি হামলার ঘটনা ঘটলেও রাজনৈতিক প্রভাবের কারণে বেশির ভাগেরই আসামি গ্রেপ্তার হচ্ছে না। তাদের আইনের আওতায় আনতে পারছে না পুলিশ।সাধারণ মানুষের অভিযোগ, প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার, খুন ও ছিনতাই হয় পুলিশের নিষ্ক্রিয়তার কারণে। পুলিশ তত্পর হলেই এ ধরনের অপরাধ কমে যায়। অস্ত্র উদ্ধারের নামে তারা যেসব অভিযান চালাচ্ছে, তাতে সাফল্য আসছে না। সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে প্রকাশ্যে চলাফেরা করার সাহস পাচ্ছে, অপরাধ ঘটাচ্ছে।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার বলেন, অপরাধীদের তত্পরতা মাঝে মাঝে বাড়ে বা কমে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি র্যাব ও পুলিশের নিয়ন্ত্রণেই আছে।পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) এএসএম শাহজাহান বলেন, অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান চালাতে হবে। অপরাধীদের তালিকা ধরে ধরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে অস্ত্র উদ্ধারের জন্য দরকার জনগণের সহযোগিতা। তিনি বলেন, অস্ত্রের ব্যবহার কমাতে পারলে পুলিশের ওপর হামলাসহ সব ধরনের অপরাধ কমে যাবে।বৃহস্পতিবার গভীর রাতে মতিঝিলে রিকশা আরোহী সন্ত্রাসীর গুলিতে নিহত হন কনস্টেবল মঞ্জুরুল, আহত হন নায়েক হাবিবুল্লাহ। মঙ্গলবার রাতে নিকুঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হন খিলক্ষেত থানার পুলিশের চার কর্মকর্তা ও সদস্য। এ সময় একজন উপপরিদর্শকের (এসআই) পিস্তল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। গতকাল শুক্রবারও পিস্তলটি উদ্ধার হয়নি।১৫ আগস্ট যশোরের শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হককে চড় মারেন সাংসদ শেখ আফিলউদ্দীন। এ ঘটনায় ওসি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন। ১৭ জুলাই রাতে রাজধানীর কামরাঙ্গীরচরে লোহার ব্রিজের ঢালে কামরাঙ্গীরচর থানার এসআই এবারত হোসেন কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল আটক করলে তাঁকে মারধর ও লাঞ্ছিত করেন ছাত্রলীগের নেতা জুম্মন মিয়াসহ কয়েকজন। এ ঘটনায় এসআই এবারত বাদী হয়ে মামলা করলেও স্থানীয় প্রভাবশালী সরকারদলীয় নেতাদের ঘনিষ্ঠ হওয়ায় গ্রেপ্তার হননি জুম্মন বা জড়িত অন্য কেউ।পাঁচ বছরে ২৩ পুলিশ নিহত: ২০০৫ সাল থেকে এ পর্যন্ত পুলিশের মোট ২৩ জন কর্মকর্তা ও সদস্য দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন। এর মধ্যে চলতি বছরেই নিহত হন ছয়জন। এঁদের মধ্যে ২০ জুলাই পাবনার ঢালার চরে চরমপন্থীদের গুলিতে নিহত হন এসআই কফিলউদ্দীন (৪৪), কনস্টেবল শফিক আহমেদ (৩০) ও নায়েক আবদুল ওয়াহেদ (২৬)। ৪ মে টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কের পাশে পাওয়া যায় রাজধানীর রমনা থানার এএসআই মিজানুর রহমানের (৩৩) লাশ। পরে তদন্তে জানা যায়, ছিনতাইকারীদের হাতে তিনি নিহত হন। ২০ এপ্রিল রাতে গুলি করে হত্যা করা হয় বংশাল থানার অপারেশন কর্মকর্তা এসআই গৌতম রায়কে। এ মামলায় সন্দেহভাজন অপরাধী গ্রেপ্তার করতে গিয়ে র্যাব ও পুলিশ একই নামের দুজন করে আসামি গ্রেপ্তার করায় বিতর্কের সৃষ্টি হয়।গৌতম হত্যা মামলার অবস্থা: পুলিশ সূত্র জানায়, গৌতম হত্যা মামলায় এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার হয়েছে। এঁদের মধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হন আহম্মদ আলী ওরফে হায়দার। র্যাব গ্রেপ্তার করে আলী হায়দার ও জাকির হোসেনকে। গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করে জাকির ওরফে বাইট্টা জাকির, জামাল মল্লিক ও আবদুর রউফ ভূঁইয়া ওরফে সোহেলকে। ওই হত্যাকাণ্ডের সঙ্গে কোন হায়দার ও জাকির জড়িত ছিল, তা চার মাসের তদন্তেও বের করতে পারেনি পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুহুল আমিন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা কারাগারে রয়েছেন। আরও তদন্তের পর বলা যাবে, কে আসল কে নকল। তবে মামলার এজাহারে কারোরই নাম নেই।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, আসামি নিয়ে র্যাব ও পুলিশের টানাটানির ফলে গৌতম হত্যা মামলার তদন্ত নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে।গৌতম হত্যার ১০ মাস আগে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান সিলেটের বিয়ানীবাজার থানার ওসি সৈয়দ মুনায়েমুল ইসলাম। গত বছরের ১৬ জুন রাতে বিয়ানীবাজারের খালাইউরায় ঘটা এ ঘটনায় গুলিবিদ্ধ হন থানার এসআই মজিবুর। এ ব্যাপারে এসআই শাহাদত হোসেনের করা মামলায় ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তবে প্রধান আসামি গ্রেপ্তার হয়নি।পুলিশের পরিসংখ্যান: পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, গত ১০ বছরে ৩৫১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন। এঁদের কেউ সন্ত্রাসীদের হামলায়, কেউ সড়ক দুর্ঘটনায়, কেউ বিচ্ছিন্ন ঘটনায় নিহত হন। ২০০৯ সালে নিহত ৩০ পুলিশ সদস্যের মধ্যে সড়ক দুর্ঘটনায় মারা যান ১৯ জন। ২০০৮ সালে ২০ জন, ২০০৭ সালে ২৬ জন, ২০০৬ সালে ৩৪ জন, ২০০৫ সালে ৩৩ জন, ২০০৪ সালে ৪২ জন, ২০০৩ সালে ৫০ জন, ২০০২ সালে ৪৭ জন, ২০০১ সালে ৫৩ জন এবং ২০০০ সালে মারা গেছেন ১৫ জন পুলিশ সদস্য।পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, হঠাৎ করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটতে শুরু করেছে। কেন এসব ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারও করা হচ্ছে।