মার্কিন গোয়েন্দাদের সরল স্বীকারোক্তি
সন্ত্রাসের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা জটিল হয়ে উঠছে
দেশের মাটিতে সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চালাতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার একজন ঊর্ধ্বতন মার্কিন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।যুক্তরাষ্ট্রের প্রধান দুটি নিরাপত্তা গোয়েন্দা সংস্থা—হোমল্যান্ড সিকিউরিটি ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) দুজন শীর্ষ কর্মকর্তা জ্যানেট ন্যাপোলিটানো ও রবার্ট মুলার জানিয়েছেন, আল-কায়েদা গত কয়েক বছর ধরে সন্ত্রাসী হামলার ধরনে কিছু পরিবর্তন এনেছে। তারা এখন বড় ধরনের হামলার চেয়ে ছোট ছোট হামলার প্রতি মনোযোগ নিবদ্ধ করেছে। এ রকম হামলার মধ্যে রয়েছে, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গুলিবর্ষণ, গাড়িবোমা হামলা ইত্যাদি। এসব হামলা যুক্তরাষ্ট্রের মধ্য থেকে ছোট ও বড় আকারে সংঘটনের আশঙ্কাও দেখছেন তাঁরা।গোয়েন্দা কর্মকর্তারা আরও জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যেই উগ্রবাদ বিস্তার লাভ করছে। জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠীগুলো বিশ্বব্যাপী ইংরেজি ভাষায় নিজেদের প্রচার-প্রচারণা চালানোর লক্ষ্যে মার্কিন নাগরিকদের দলভুক্ত করার জন্য আগ্রহী হয়ে উঠেছে। অনেক মার্কিন নাগরিক জঙ্গি সংগঠনগুলোতে যোগও দিচ্ছে। মার্কিন নাগরিকদের দলে ভেড়ালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী তত্পরতা চালানো অনেক সহজ হয়ে যায়।এ ধরনের ব্যাপারগুলোর জন্য যত দিন যাচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে গোয়েন্দা তত্পরতা চালানো ততই জটিল হয়ে উঠছে বলে মনে করেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।গত ডিসেম্বরে ডেট্রয়েটগামী একটি বিমানে সন্ত্রাসী হামলা প্রচেষ্টা এবং মে মাসে নিউইয়র্কের টাইম স্কয়ারে বোমা হামলার পর থেকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে।নিরাপত্তা বিশেষজ্ঞরা আরও বলেন, একসময় আল-কায়েদা বিশ্বব্যাপী সন্ত্রাসের একক হোতা হিসেবে পরিচিত হলেও ২০০১ সালের পর থেকে এ সংগঠনটি দিনে দিনে দুর্বল হয়ে পড়ছে। পাকিস্তানের উত্তরাঞ্চলে ও আফগানিস্তানে ন্যাটো-মার্কিন ও পাকিস্তানি সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপর্যস্ত এ সংগঠনটি নিজেদের কৌশলে ব্যাপক পরিবর্তন এনেছে। বর্তমানে পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া ও ইরাকে আল-কায়েদার জঙ্গিরা ছোট ছোট জঙ্গি সংগঠনে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। হোমল্যান্ড সিকিউরিটির সেই কর্মকর্তাদের মতে, এ ধরনেরই একটি সংগঠন ২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতের মুম্বাইয়ে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলা চালিয়েছিল।হোমল্যান্ড সিকিউরিটি ও এফবিআইয়ের দুই কর্মকর্তা আরও বলেন, সন্ত্রাসীদের এ মুহূর্তের মূল লক্ষ্য বিভিন্ন হোটেল, স্টেডিয়াম, কনসার্ট ইত্যাদিতে হামলা চালানো। যেখানে অল্প লোকবল ব্যয়ে অনেক ভয়ংকর এবং রক্তক্ষয়ী হামলা চালানো যেতে পারে। এর পাশাপাশি এরা বিভিন্ন বিমানে বোমা পেতে রাখা, সমুদ্রবন্দরে হামলা ও বিখ্যাত কোনো স্থাপনাতে হামলা চালানোরও পরিকল্পনা করছে বলেও তাঁরা জানান।কর্মকর্তা জানান, এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিভিন্ন সন্ত্রাসী সংগঠনে যোগদানটাই সবচেয়ে উদ্বেগের বিষয়। ২০০৯ সালে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখা এবং এদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ৪৩ জন মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। এ বছরের প্রথম নয় মাসে একই ধরনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২০ জন মার্কিন নাগরিককে। এক গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে, বর্তমানে সোমালিয়ার জঙ্গি সংগঠনগুলোতে প্রায় ২৪ জনের মতো মার্কিন নাগরিক বিভিন্ন জঙ্গি তত্পরতার জন্য প্রশিক্ষণ গ্রহণ করছে। এর পাশাপাশি ইয়েমেনেও বেশ কয়েকজন মার্কিন জঙ্গির হদিস বের করা হয়েছে।—রয়টার্স