সন্ত্রাসের মাধ্যমে কোনো কিছুর সমাধান সম্ভব নয়: বাবাটুন্ডে
বাংলাদেশ সফররত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল বাবাটুন্ডে ওসোতিমেহিন বলেছেন, সন্ত্রাসের মাধ্যমে কোনো কিছুর সমাধান সম্ভব নয়। বিভিন্ন মতের বা দলের লোকজনকে একসঙ্গে বসার পরিবেশ তৈরি করতে হবে। বসে কথা বলেই সমস্যার সমাধান করতে হবে।আজ সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে কয়েকটি গণমাধ্যমের কর্মীদের সঙ্গে আলোচনায় বাবাটুন্ডে ওসোতিমেহিন এ কথা বলেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা প্রসঙ্গে জানতে চাইলে নাইজেরিয়ার সাবেক এই রাজনীতিবিদ এসব কথা বলেন।বাবাটুন্ডে বলেন, জাতিসংঘ সব সময় সন্ত্রাসের পথ পরিহার করে আইনের শাসনকে সমর্থন করে এবং এ বিষয়ে সহায়তা দেয়। আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি কোনো বিষয়ে যে কারও প্রতিবাদ জানানোর অধিকার আছে বলে উল্লেখ করেন তিনি। বাবাটুন্ডে বলেন, প্রতিবাদের বহিঃপ্রকাশে সন্ত্রাস যাতে স্থান না পায়, সেদিকে নজর দিতে হবে। এ ছাড়া, সমস্যা সমাধানে গণতন্ত্রের চর্চার বিকল্প নেই বলে মত দেন তিনি।সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও সহিংসতার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বাবাটুন্ডে বলেন, এ ধরনের ঘটনা অনভিপ্রেত। সমাজে সংখ্যালঘুরা যাতে সব ধরনের অধিকার ভোগ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। সমাজে কারও অধিকার যাতে কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, তা সরকারকে নিশ্চিত করতে হবে। বাবাটুন্ডে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। তিনি আজই বাংলাদেশ সফরে এসেছেন। ঢাকায় এটি তাঁর তৃতীয় সফর। গণমাধ্যমকর্মীদের সঙ্গে বাবাটুন্ডে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের বিভিন্ন দিক নিয়েও কথা বলেন।১৬ বছর আগে তাঁর প্রথম বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে বাবাটুন্ডে বলেন, তখনকার তুলনায় এখনকার বাংলাদেশ অনেক এগিয়ে। তখন বাংলাদেশে হাতেগোনা কয়েকজন নারীকে কর্মক্ষেত্রে পাওয়া যেতেন। কিন্তু বর্তমানে নারীরা অনেক বেশি কর্মক্ষেত্রে যুক্ত হয়েছেন। এ ছাড়া, এমডিজির বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রেও বাংলাদেশের ভূমিকা ইতিবাচক। কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জও আছে। তা মোকাবিলায় সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। নারী নির্যাতন প্রতিরোধ এবং নারীর সার্বিক ক্ষমতায়নে তিনি পুরুষের অংশগ্রহণকেও গুরুত্ব দেন।এবারের সফরে বাবাটুন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন।