সন্দেহভাজন আরও ১০-১২ জনের বিরুদ্ধে তদন্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নতুন করে সন্দেহভাজন আরও ১০-১২ জনের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। এঁদের মধ্যে চৌধুরী মঈনুদ্দীন, আবুল কালাম আজাদ, আশরাফুজ্জামান প্রমুখ আছেন। আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে বার্তা সংস্থা ইউএনবিকে প্রতিমন্ত্রী বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই সন্দেহভাজন যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তদন্তকাজ শেষ হবে। যুদ্ধাপরাধের বিচার গতিশীল করতে ২৬ মার্চের আগেই দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্থাপন করা হবে। এক প্রশ্নের জবাবে আইন প্রতিমন্ত্রী বলেন, অনেক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করার কারণে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বিচারকাজ বিলম্বিত হচ্ছে। জামায়াতের সাবেক আমির গোলাম আযমসহ অন্যদের বিচার দ্রুত শেষ হবে। সম্ভবত এ বছরের মধ্যেই বিচারকাজ শেষ হবে বলেও তিনি মন্তব্য করেন।