সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হত্যা ঘটনায় সন্দেহভাজন ছয় যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।আজ বৃহস্পতিবার সকালে নলকূট রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশ করে আনুষ্ঠানিক আটকৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।তাঁরা হলেন চেঙ্গেরখাল পার্শ্ববর্তী নোয়াগাঁওয়ের আবদুস শহিদ (২১), ফাহিম (২০), আবদুর রউফ (২০), নলকূটের জামাল (২২), শাহিন (২০) ও সায়েমউদ্দিন (২০)।সমাবেশে বক্তারা বলেন, একটি উচ্চতম শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেড়াতে গিয়ে এ রকম একটি ঘটনায় এলাকাবাসী লজ্জিত ও দুঃখিত। তাঁদের জীবনহানির অপূরণীয় ক্ষতি কেউ ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু অপরাধীদের শনাক্ত করতে এবং ভবিষ্যতে যাতে এ রকম ঘটনার পুনরাবৃত্তি না হয়, এ জন্য এলাকাবাসী উদ্যোগী হয়ে অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে একত্র হয়ে ঘটনার সন্দেহভাজনদের পুলিশে সোপর্দ করলেন।’সিলেট মহানগর পুলিশের উপকমিশনার বলেন, এ ঘটনাটি আইনের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধার বিরল একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, এই হত্যা ঘটনায় প্রকৃত অপরাধীরাই শাস্তি পাবে। নিরীহ বা ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই, এমন কেউ হয়রানির শিকার হবে না।আটক হওয়া সন্দেহভাজন এক যুবকের বাবা প্রথম আলোকে বলেন, ‘ছাত্র মারার ঘটনা শোনার পর থাকি মনটা খারাপ আছিল। যখন শুনলাম আমার ঘরেও একজন অভিযুক্ত আছে, তখন মনটা আরও অশান্ত হয়ে ওঠে। তারে পুলিশে দিতে পাইরা স্বস্তি পাইলাম। অখন হে তার অপরাধের শাস্তি পাইব, এটা তার প্রাপ্য।’সমাবেশে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার এজাজ আহমদ, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, জালালবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান নিজামউদ্দিন, আওয়ামী লীগের নেতা সুজাত আলী রফিক, আইনজীবী নূরে আলম সিরাজী ও এলাকাবাসীর পক্ষে আহমদ আলী বক্তব্য দেন।গত শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে চেঙ্গেরখালে নৌ-ভ্রমণে গিয়ে শাবিপ্রবির দুই ছাত্র দীপঙ্কর ঘোষ ও খায়রুল কবীর সন্ত্রাসীদের হামলায় নিহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ নৌকার মাঝি গুলজার মিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে।ওসি সেলিম হোসেন জানান, নৌকার মাঝিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকাবাসী আটক করে ছয়জন অভিযুক্তকে পুলিশ হেফাজতে দেওয়ার পর তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।