সন্দেহভাজন দুর্বৃত্তদের শনাক্ত করেছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার রায়ের খুনের সঙ্গে জড়িত সন্দেহভাজন দুর্বৃত্তদের শনাক্ত করেছে পুলিশ। এরা পুরান ঢাকার ধোলাইখাল এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও চাঁদাবাজ। এসব সন্ত্রাসী ডাকাত শহীদের সহযোগী কি না, সে ব্যাপারে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। খুনের ঘটনার চার দিন পরও পুলিশ ঘাতকদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি।তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পুরান ঢাকার ওয়ার্ড কাউন্সিলর আহাম্মদ হোসেন হত্যা মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন গৌতম। তাঁর দেওয়া তথ্য শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহীদের সহযোগীদের গ্রেপ্তারে কাজে লেগেছে। তাই খুনের পেছনে ডাকাত শহীদের সহযোগীদের হাত থাকতে পারে।উপপরিদর্শক গৌতম হত্যা মামলাটি থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুুলিশ (ডিবি) তদন্ত করছে। ডিবির সহকারী কমিশনার মো. ছানোয়ার হোসেন প্রথম আলোকে জানান, ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং এলাকায় প্রকাশ্য ও গোপনে তদন্ত চালিয়ে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, সন্ত্রাসীদের দেহ তল্লাশি চালাতে গেলে তারা গৌতমকে গুলি করে হত্যা করে। উপপরিদর্শক গৌতম রায় সেদিন লালমোহন সাহা স্ট্রিটের মহিউদ্দিন মার্কেটের সামনে প্রথমে এক সন্ত্রাসীর দেহ তল্লাশি করেন। তিনি দ্বিতীয়জনের দেহে তল্লাশি চালাতে গেলে অপর দুই সন্ত্রাসী তাঁর ওপর গুলি চালায়। ঘটনাস্থলের আশপাশে খুনিদের আরও দু-একজন সহযোগী উপস্থিত ছিল।ডিবি কর্মকর্তা বলেন, খুনিরা ধোলাইখাল এলাকার সন্ত্রাসী। তারা এলাকায় পেশাদার ছিনতাইকারী ও চাঁদাবাজ। তবে তারা পুরান ঢাকার ডাকাত শহীদের সহযোগী কি না, সে ব্যাপারে তাঁরা এখনো নিশ্চিত নন। তিনি বলেন, পুরান ঢাকার বহু অভিযানে উপপরিদর্শক গৌতম রায় তাঁর সঙ্গে ছিলেন। সূত্রাপুর ও বংশাল এলাকা ছিল তাঁর নখদর্পণে। তাঁর স্বভাবই ছিল সন্দেহভাজনদের দেহে তল্লাশি চালানো। তিনি এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসীকে এর আগে গ্রেপ্তার করেছেন।গত সোমবার মধ্যরাতে বংশাল থানা থেকে কাজ শেষে র্যাংকিন স্ট্রিটের বাসায় ফেরার পথে সূত্রাপুর থানাধীন ধোলাইখাল এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে গৌতমকে হত্যা করে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন গৌতমের সঙ্গে থাকা তাঁর ব্যবসায়ী বন্ধু শামীম, তবে অপর বন্ধু আজম অক্ষত ছিলেন।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনা পূর্বপরিকল্পিত, নাকি আকস্মিক তা নিশ্চিত হতে ঘটনার সময় উপস্থিত গৌতমের বন্ধু ও দারোয়ানসহ সাত-আটজনকে জিজ্ঞাসাবাদের আওতায় রাখা হয়েছে। এ পর্যন্ত ৩০ জনের মতো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। খুনিদের চিহ্নিত করতে পুলিশের একটি দল গঠন করা হয়েছে। থানার পাঁচ কর্মকর্তা খুনিদের চিহ্নিত ও গ্রেপ্তারে কাজ করে যাচ্ছেন।মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক মো. জালালউদ্দিন জানান, মনে হচ্ছে, সন্দেহভাজন যুবকদের দেহ তল্লাশি চালাতে গিয়ে তাদের গুলিতে গৌতম খুন হন।