সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে না পেয়ে মা-ভাইকে গ্রেপ্তার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বাড়িটিতে গিয়েছিলেন সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ীকে আটক করতে। কিন্তু না পেয়ে তাঁর মা এবং স্কুল ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদেরই মাদক ব্যবসায়ী আখ্যা দেওয়া হয়। অথচ আদৌ তাঁরা মাদক ব্যবসায়ী কি না, তা নিয়ে সন্দিহান খোদ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও। খিলগাঁও তিলপাপাড়ার ৬ নম্বর সড়কের ২৩৪/এ নম্বর বাড়ি থেকে গতকাল শুক্রবার ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন গৃহবধূ রুবিনা মৃধা (৪০), তাঁর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে ইউসুফ মৃধা ও খিলগাঁও মডেল স্কুলের দশম শ্রেণী পড়ুয়া ছাত্র ইয়াছিন মৃধা। এ ছাড়া মমিনুল ইসলাম নামের একজনকে ওই বাড়ি থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মমিনুল আটক রুবিনা মৃধার মেজো ছেলে ইমরান মৃধার বন্ধু। তবে ইমরানকে ওই বাড়িতে পাওয়া যায়নি। তাঁর বাবা ইলিয়াস মৃধা ভাতের হোটেলের ব্যবসা করেন।অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চলের খিলগাঁও সার্কেলের পরিদর্শক নিজামউদ্দিন জানান, ওই বাড়িতে অভিযান চালিয়ে বাসার স্টিলের আলমারি থেকে ২০টি ইয়াবা বড়ি ও চারটি গুলিসহ ইতালিতে তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। নিজামউদ্দিন জানান, গ্রেপ্তার করাদের মধ্যে মমিনুল ইসলাম একজন অপরাধী। তিনি বগুড়া থেকে ইয়াবা বড়িগুলো ঢাকায় আনতেন। ইমরান ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং উদ্ধারকৃত পিস্তলটি তাঁর। তাঁকে পাওয়া যায়নি, তবে ইয়াবা ব্যবসার সহযোগী হিসেবে তাঁর পরিবারের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা রুবিনা মৃধা ও তাঁর দুই ছেলে অপরাধী কি না, জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নিজামউদ্দিন জানান, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এই তিনজনের ব্যাপারে নিশ্চিত কিছু জানতে না পারলেও তাঁদের শরীরে ‘মাদক ব্যবসায়ী’ লেখা স্টিকার লাগিয়ে ছবি তুলে তা গতকাল শুক্রবার পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে।কেন এভাবে ওই তিনজনের গায়ে স্টিকার লাগানো হলো? আদৌ তাঁরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত কি না—এসব নিয়ে জানতে চাইলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চলের উপপরিচালক মজিবুর রহমান পাটওয়ারি প্রথম আলোকে বলেন, ‘আমি অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের কাছে এ বিষয়ে জানতে চেয়েছিলাম। এ সময় তাঁরা (কর্মকর্তারা) জানান, এই তিনজন ওই মাদক ব্যবসায়ীর সহযোগী হিসেবে কাজ করেন।’ মজিবুর রহমান বলেন, ‘বিশেষ করে মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তারকৃত স্কুলপড়ুয়া কিশোরের বিষয়ে অভিযান পরিচালনাকারী পরিদর্শক আমাকে বলেছেন, “স্যার, যখন স্টিলের আলমারি সার্চ করছিলাম তখন ওই ছেলেটা (ইয়াছিন) বড় বড় চোখ করে বিছানায় বসে দেখছিল। মনে হয় ও আগে থেকেই ব্যবসার বিষয়ে জানত। সে জন্য ওকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন”।’ কর্মকর্তাদের সন্দেহ, ইয়াবা বড়ির চালান এনে ওই বাড়িটিতে রাখতেন ইমরান মৃধা। পরে সেখান থেকে একটি-দুটি করে খুচরা মূল্যে তা বিক্রি করা হতো। তবে এতে ইমরানের পরিবারের অন্যরা জড়িত কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে মজিবুর রহমান জানান, কোনো তালিকার ভিত্তিতে নয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িটিতে অভিযান চালানো হয়।মাদকসহ আরও সাতজন গ্রেপ্তারমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অপর একটি দল গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত উত্তরার আবদুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে ৯৪ বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন রনি, কালা মিয়া, শাহীন ও শাহজাহান। অভিযানে নেতৃত্ব দেন সূত্রাপুর সার্কেলের পরিদর্শক আজিজুল ইসলাম।অপরদিকে মহানগর গোয়েন্দা পুলিশের অপর একটি দল বৃহস্পতিবার মাঝরাতে বাসাবো এলাকায় অভিযান চালিয়ে ১২০টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন সামছুল আরেফিন ও গুলনাহার।এ ছাড়া খিলগাঁও ফ্লাইওভারের নিচের সড়ক থেকে বৃহস্পতিবার ভোররাতে ৪০ বোতল ফেনসিডিলসহ লোকমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের আরেকটি দল।