সন্দেহভাজন হামলাকারী মেধাবী ছাত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি সিনেমা হলে বন্দুকধারীর গুলিতে ১৪ জন নিহতের ঘটনায় আটক সন্দেহভাজন জেমস হোমস বিজ্ঞানের মেধাবী ছাত্র। তিনি নিউরোসায়েন্সে স্নাতক সম্পন্ন করার পর গত বছর পিএইচডিতে ভর্তি হন। তবে এ বছরের জুন মাসে কোনো কারণ না দেখিয়েই পিএইচডির পড়াশোনা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। জেমসের প্রতিবেশীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপির খবরে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।খবরে বলা হয়েছে, সান ডিয়াগোতে লাল টালির সুন্দর একটি দোতলা বাড়ির বাসিন্দা জেমস হোমস। বাবা রবার্ট জেমস হোমস একটি সফটওয়্যার কোম্পানির ম্যানেজার ও মা আর্লিন সেবিকা।ছোটবেলা থেকেই বেশ শান্ত ও পড়ুয়া স্বভাবের জেমস। কলোরাডোর অরোরা শহরের সিনেমা হলে ব্যাটম্যান সিরিজের সর্বশেষ সিনেমা ‘দ্য ডার্ক নাইট রাইজেজ’ চলার সময় ২৪ বছর বয়সী জেমসের গুলিতে ১৪ জন নিহত হওয়ার খবর শুনে সবাই তাই বেশ অবাক হয়েছেন।জেমসের প্রতিবেশী ইলেকট্রনিক প্রকৌশলী টম মাই জানালেন, সে (জেমস) খুবই লাজুক ধরনের ছেলে। একাকী থাকতে পছন্দ করলেও সে ছোটবেলা থেকেই অনেক মেধাবী। জেমস ২০১০ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে নিউরোসায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর কিছুদিন কাজের সন্ধান শেষে তিনি গত বছর ইউনিভার্সিটি অব কলোরাডোতে নিউরোসায়েন্সে পিএইচডিতে ভর্তি হন।ইউনিভার্সিটি অব কলোরাডো কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো কারণ উল্লেখ করা ছাড়াই জেমস পিএইচডির পড়াশোনা থেকে নিজেকে গুটিয়ে নেন। এ বছরের জুনে তিনি পিএইচডি সম্পন্ন না করেই চলে যান।প্রতিষ্ঠানটির আচার্য তিমোথি পি হোয়াইট জানালেন, মনোবৈজ্ঞানিক ও স্নায়বিক ডিসঅর্ডারের জীববিজ্ঞান-সংক্রান্ত ভিত্তি—বিষয়টি নিয়ে জেমস কাজ করছিল। ওই গবেষণার মূল ছিল মানুষ কীভাবে আচরণ করে। এ ছাড়া তাঁর একাডেমিক ফল অনেক ভালো বলে তিনি জানান। এমন এক ছাত্রের এ ধরনের ঘটনায় জড়িত হওয়ার বিষয়টি দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন। জেমস একাকী থাকতেই পছন্দ করতেন। সামাজিক যোগাযোগের এই যুগে ফেসবুক, মাইস্পেস বা টুইটার—কোথাও জেমসের কোনো অ্যাকাউন্ট নেই। তাঁর তেমন কোনো ছবিও কোথাও নেই। শুধু ২০০৪ সালে বিদ্যালয়ের একটি সাময়িকীতে ফুটবল দলের জার্সি পরা অবস্থায় তাঁর একটি ছবি আছে। নৃশংস এই ঘটনার পর সন্দেহভাজন হিসেবে যখন জেমসের ছবি প্রকাশ করা হয়, তখন আঁতকে ওঠেন জ্যাক মিসেল। তিনি আসবাব আনা-নেওয়ার কাজ করেন। জেমসের বাড়ির কাছেই থাকেন। তিনি জানালেন, ঘটনার আগের রাতে অর্থাত্ বৃহস্পতিবার রাতে তিনি আর জেমস একই পানশালায় পাশাপাশি বসেছিলেন। অনেকক্ষণ তাঁরা ফুটবল নিয়ে আলাপ করেছেন। পেছনে ব্যাকপ্যাক ও চোখে চশমা পরা ছেলেটিকে তাঁর মেধাবী মনে হয়েছে। তাঁর মধ্যে এমন সহিংসতার কোনো আলামত তিনি দেখতে পাননি বলে জানান।সান ডিয়াগোর আদালতের মুখপাত্র কারেন ডাল্টন বলেন, জেমসের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ নেই। এমনকি ভুল পথে বা উচ্চগাতিতে গাড়ি চালানোর জন্য ট্রাফিক সার্জেন্টের কাছ থেকে সাজা পাওয়ার ঘটনাও তাঁর জীবনে ঘটেনি।তবে অরোরা পুলিশের প্রধান ড্যান ওয়াটস জানিয়েছেন, হামলার পর সিনেমা হলের বাইরে থেকে জেমসকে গ্রেপ্তার করা হয়। জেমস একটি রাইফেল, একটি শটগান ও দুটি পিস্তল নিয়ে হামলা চালান। গত ছয় মাসে এসব অস্ত্রের সঙ্গে তিনি ছয় হাজার গুলি কিনেছিলেন।