সন্দেহভাজন হিযবুত তাহরীরের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের গ্রেপ্তার হওয়া পাঁচ সদস্যকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই পাঁচজন সেনাবাহিনীর অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টার সঙ্গে জড়িত কি না, তা উদঘাটনে তাঁদের যৌথ জিজ্ঞাসাবাদ সেলে পাঠানো হবে বলে জানিয়েছে উত্তরা থানা পুলিশ।উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান প্রথম আলো অনলাইনকে বলেন, হিযবুত তাহরীরের পাঁচজনকে দুটি মামলায় প্রত্যেককে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালত পাঠানো হয়। আজ শনিবার শুনানি শেষে আদালত তাঁদের রিমান্ড মঞ্জুর করেন। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া হিযবুত তাহরীরের ওই সদস্যরা সরকারবিরোধী প্রচারপত্র বিলি করার সময় এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু পাঁচ মাস আগে আদালত থেকে জামিনে বেরিয়ে এসে আবার সরকারবিরোধী প্রচারণা শুরু করেন।এদিকে ওই পাঁচ সদস্যের বিরুদ্ধে র‌্যাবের ওপর হামলা ও সন্ত্রাসী তত্পরতায় যুক্ত থাকার অভিযোগে গতকাল শুক্রবার মামলা হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে গ্রেপ্তার করা হয় হিযবুত তাহরীরের সদস্য মোসাদ্দেক আলী, মোসাব্বির আলী, ইব্রাহিম খলিল, মো. মিনহাজ ও ফাহিম আকতার ভূঁইয়া। ওই রাতেই উত্তরা থানায় সোপর্দ করা হয়। এরপর র‌্যাব-১-এর উপপরিদর্শক (এসআই) মাহমুদ হোসেন তাঁদের বিরুদ্ধে দুটি মামলা করেন।জুমার নামাজের পর রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কের বায়তুন নূর মসজিদের সামনে সরকারবিরোধী ও সেনাবাহিনীর প্রতি উসকানিমূলক প্রচারপত্র বিতরণের সময় নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। তাঁদের কাছ থেকে কয়েক বান্ডিল প্রচারপত্র উদ্ধার করা হয়।