৩৯ বছর আগে অনেকে অস্ত্র হাতে নেমেছিলেন মুক্তিযুদ্ধে। অনেকের সে সুযোগ হয়নি। তবে বুকে সবাই সমানভাবে ধারণ করেন স্বাধীনতার চেতনা। স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের প্রতি সবার ঘৃণাও সমান। হাতে হাত ধরে তাই সবাই মিলে এক হয়ে দাঁড়ালেন এক ঘণ্টার জন্য। দাবি, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করা আর সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার।মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরামের ডাকে গতকাল শনিবার সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়ক ধরে এক হয়ে দাঁড়ালেন শত শত মানুষ। চাইলেন একাত্তরের ঘাতকদের বিচার। হাতে ছিল একাত্তরের ঘাতকদের বিচারের দাবিসংবলিত নানা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড।বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের শত শত কর্মী, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সেনাপতিরা, মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযোদ্ধাদের সন্তান আর সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেয়। বক্তারা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। জামায়াতের গ্রেপ্তার তিন শীর্ষনেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তার দেখানোর দাবি তোলেন তাঁরা।মানববন্ধনে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম ত্বরান্বিত করা ও সন্দেহভাজনদের গ্রেপ্তারের দাবিতে ২৪ জুলাই সব বিভাগীয় শহরে এবং আগামী ৬ আগস্ট সব জেলা শহরে মানববন্ধনের কর্মসূচিও ঘোষণা করা হয়। প্রধান অতিথি সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, ‘একাত্তরে কিছু লোক পাকিস্তানিদের পক্ষে অবস্থান নিয়ে হাজার হাজার গ্রাম জ্বালিয়ে দিয়েছিল, লাখ লাখ মানুষকে হত্যা করেছিল। এই অপরাধীদের বিচার করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। সারা দেশের মানুষ এই বিচারের জন্য অপেক্ষা করে আছে।’ফোরামের ভাইস চেয়ারম্যান সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ্ বলেন, ‘বাংলাদেশে এমন কোনো জায়গা নেই, যেখানে গণকবর নেই। এগুলোর রক্ষণাবেক্ষণ করতে হবে, যাতে করে নতুন প্রজন্ম একাত্তরের গণহত্যার বিষয়ে জানতে পারে।’বাংলাদেশের কমিউনিস্ট পার্টি—সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, ‘চিহ্নিত সব যুদ্ধাপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা গণ-আদালতে যাদের দণ্ড দিয়েছিলাম, তাদের আর বাইরে দেখতে চাই না।’ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেন, ‘সরকার একাত্তরের অপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরু করেছে। আশা করি, এই সরকারের আমলেই এই বিচার শেষ হবে।’জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু বলেন, ‘জামায়াত নেতা নিজামী, মুজাহিদ, সাঈদীর বিরুদ্ধে মূল অভিযোগ, এরা যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল। তাদের অবিলম্বে মানবতাবিরোধী অপরাধের বিচার ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করতে হবে।’ শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘নতুন প্রজন্ম আমাদের কাছে প্রশ্ন করে, যে মানুষগুলো এ দেশ চায়নি, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, তারা কেমন করে এ দেশে ছুটে বেড়ায়, তাদের গাড়িতে পতাকা ওড়ে। আমরা জবাব দিতে পারি না। আমাদের মাথা নিচু হয়ে থাকে। কিন্তু আমাদের মাথা আর নিচু হয়ে থাকবে না। যুদ্ধাপরাধীদের বিচার করে বাংলাদেশকে গ্লানিমুক্ত করব আমরা।’নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘যারা একাত্তরে যুদ্ধাপরাধ করেছিল, তারাই বাংলাদেশে জঙ্গিবাদের জন্ম দিয়েছে। এদের বিচার করে বাংলাদেশকে জঙ্গিবাদ থেকে মুক্ত করতে হবে।’জামায়াতের তিন নেতার গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করে কর্মজীবী নারীর সভাপতি শিরিন আক্তার বলেন, ‘ইতিমধ্যে তিনজন শীর্ষস্থানীয় অভিযুক্ত যুদ্ধাপরাধী গ্রেপ্তার হয়েছে। গোলাম আযমসহ আর যারা চিহ্নিত যুদ্ধাপরাধী আছে, তাদেরও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।’মুক্তিযোদ্ধা রাশেদা ইসলাম বলেন, ‘আমার চার ভাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। আর স্বাধীন দেশে সামনে দিয়ে রাজাকারেরা ঘুরে বেড়ায়। আমার চোখের পানি বন্ধ হয় না। এদের বিচার হবে, এই বিচার যেন আমি দেখে যেতে পারি।’গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকি, সম্মিলিত ইসলামী জোটের চেয়ারম্যান মাওলানা জিয়াউল হাসান, বাংলাদেশ ইসলামী ঐক্যজেটের মহাসচিব মাওলানা মনিরুজ্জামান রব্বানী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের মহাসচিব রানা দাসগুপ্ত প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন।