৩৯ বছর আগে অনেকে অস্ত্র হাতে নেমেছিলেন এ দেশের স্বাধীনতার সংগ্রামে, অনেকের সে সুযোগ হয়নি। তবে বুকে সবাই সমানভাবে ধারণ করেন স্বাধীনতার চেতনা। স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের প্রতি সবার ঘৃণাও সমান। হাতে হাত ধরে তাই সবাই মিলে আজ শনিবার এক হয়ে দাঁড়ালেন এক ঘণ্টার জন্য। তাঁদের দাবি ছিল একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করা এবং সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার।মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরামের ডাকে আজ সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়ক ধরে এক হয়ে দাঁড়ালেন শত শত মানুষ। চাইলেন একাত্তরের ঘাতকদের বিচার। এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা একাত্তরের ঘাতকদের বিচারের দাবিতে নানা রকম ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড বহন করেন।বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের শত শত কর্মী, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সেনানায়কেরা, মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযোদ্ধাদের সন্তান এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে জামায়াতের গ্রেপ্তার তিন শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তার দেখানোর দাবি করেন।মানববন্ধনে জানানো হয়, অবিলম্বে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম শুরু, সন্দেহভাজনদের গ্রেপ্তারের দাবিতে সেক্টর কমান্ডারস ফোরাম ২৪ জুলাই সব বিভাগীয় শহরে এবং ৬ আগস্ট সব জেলা শহরে মানববন্ধন করবে ।