সন্দেহভাজনদের ডিএনএ পৃথক করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সংশ্লিষ্ট ডিএনএ থেকে সন্দেহভাজনদের ডিএনএ পৃথক করার কাজ শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি পরীক্ষাগারে এ কাজ হচ্ছে। আগামী মাসের মধ্যে এটা শেষ হবে।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল আজ শুক্রবার বিকেলে র‌্যাব কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, সাংবাদিক দম্পতি হত্যা মামলার তদন্তে অগ্রগতি হচ্ছে। ধীরে ধীরে এসব গণমাধ্যমকে জানানো হবে। সাংবাদিক দম্পতির হত্যা মামলাটি তদন্ত করছে র‌্যাব।নিহত সাংবাদিক মেহেরুন রুনির পরনের পোশাক থেকে এক ব্যক্তির পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পরীক্ষাগার। আজ প্রথম আলোতে এ নিয়ে খবর প্রকাশের পর র‌্যাব সদর দপ্তর থেকে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।কমান্ডার সোহায়েল বলেন, মামলার তদন্তের সবকিছু প্রকাশ্য হয় না। কিছু কাজ হয় গোপনে। তদন্ত কার্যক্রম দৃশ্যমান হলে অপরাধী পার পেয়ে যেতে পারে। এ কারণে সাগর-রুনির তদন্তের অনেক কিছুই গোপনে করা হচ্ছে। এ কারণে হয়তো কেউ কেউ মনে করছেন র্যাব বসে আছে। কিন্তু এ মামলার তদন্তে র্যাব সর্বোচ্চ সামর্থ্য প্রয়োগ করছে। এ তদন্ত হচ্ছে বিজ্ঞানসম্মত আধুনিক তদন্ত।সোহায়েল বলেন, ‘আমরা জানি এ মামলার তদন্ত নিয়ে শুরু থেকে নানা কথা হয়েছে। এখন শক্ত প্রমাণ ছাড়া কেউ কোনো কিছু সহজে বিশ্বাস করবেন না। এ কারণে শুরুতেই ঘটনাস্থলে থাকা অপরাধচিহ্নের (ক্রাইমসিন) ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের বড় বড় পরীক্ষাগারের সঙ্গে কথা হয়েছে। যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারটি খুব নাম করা। এরা যুক্তরাষ্ট্র পুলিশের সব কাজ করে থাকে। এ কারণে ডিএনএ পরীক্ষার জন্য এটা বাছাই করা হয়েছে।’ তিনি বলেন, আদালতের অনুমতি নিয়ে নয়টি আলামত পরীক্ষার জন্য ডিএনএ ও রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। আড়াই মাস কাজ করার পর এসব আলামত থেকে প্রাপ্ত ডিএনএ পরীক্ষা করে সন্দেহভাজন ব্যক্তিদের ডিএনএ বাছাই করা হচ্ছে। আগামী মাসের মধ্যে এ কাজ শেষ হয়ে যাবে। সোহায়েল বলেন, র‌্যাবের হাতে পেশাদার অপরাধী ছাড়াও অনেকের ডিএনএ আছে। এসব ডিএনএর পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের ডিএনএ মিলিয়ে দেখা হবে।খুনিদের গ্রেপ্তারে কত সময় লাগতে পারে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সোহায়েল বলেন, ডিএনএ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন আসার পর অপরাধী গ্রেপ্তারে মাঠে নামবে র্যাব। কত সময় লাগবে তা এ মুহূর্তে বলা যাবে না। এ খাতে কত ব্যয় হচ্ছে—জানতে চাইলে তিনি বলেন, সরকার মামলা পরিচালনার যে খরচ দেয় তার ভেতরেই এ অর্থ ব্যয় করা হচ্ছে।খুনের আলামত থেকে এক ব্যক্তির ডিএনএ শনাক্ত: নিহত সাংবাদিক মেহেরুন রুনির পরনের পোশাক থেকে এক ব্যক্তির পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পরীক্ষাগার। র‌্যাবের ধারণা, এটি খুনির ডিএনএ হতে পারে। তবে ওই ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।র‌্যাব জানায়, সাংবাদিক দম্পতি সাগর ও রুনির মৃতদেহ ও হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন নমুনা পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের একটি রাসায়নিক ও একটি ডিএনএ পরীক্ষাগারে পাঠানো হয়। এর মধ্যে রুনির শরীর থেকে সংগ্রহ করা কিছু নমুনার পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। সাগরের শরীর থেকে সংগ্রহ করা কিছু নমুনাসহ আরও কয়েকটি নমুনার পরীক্ষা এখনো শেষ হয়নি। এসব নমুনা থেকে আরও একাধিক ব্যক্তির ডিএনএ প্রোফাইল পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। কমান্ডার এম সোহায়েল প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্র থেকে রাসায়নিক ও একটি ডিএনএ পরীক্ষার ফলাফল আসার পর খুনিদের শনাক্ত করতে মাঠে নামবে র‌্যাব। এ জন্য সন্দেহজনক ব্যক্তিদের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হচ্ছে। ডি অক্সিরাইবো নিউক্লিক এসিড (ডিএনএ) একটি নিউক্লিক এসিড, যা জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জিনগত নির্দেশ ধারণ করে। এই ডিএনএ পরীক্ষা সম্বন্ধে ন্যাশনাল প্রোফাইলিং ডিএনএ ফরেনসিক ল্যাবরেটরির প্রধান ড. শরীফ আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, মানুষের সব বৈশিষ্ট্য বহন করে ডিএনএ। হাতের ছাপ, চুল, কফ, থুতু, রক্তসহ শরীরের যেকোনো উপাদান থেকেই ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা যায়। ডিএনএ পরীক্ষা থেকে যেকোনো ব্যক্তিকে শনাক্ত করাও সম্ভব। র‌্যাবের কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত পরীক্ষার পর তাঁরা মনে করছেন, পেশাদার খুনির হাতে এ দম্পতি খুন হতে পারেন। খুনের সময় সাগরের মতো রুনিকেও নির্যাতন করা হয়েছে। রুনির কপালে চাকুর গভীর আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর চুলও কেটে দেয় খুনিরা। মৃতদেহের আশপাশে এসব চুল পড়ে ছিল। এ ছাড়া রুনির কাপড় ও হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরি-বটিতেও চুল লেগে ছিল।র‌্যাব কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের পরীক্ষাগার থেকে তাঁদের জানানো হয়েছে, বেশির ভাগ নমুনাতেই একাধিক ব্যক্তির হাতের ছাপ রয়েছে। এসব ছাপ থেকে একক ব্যক্তির ডিএনএ প্রোফাইল খুঁজে বেরা খুব কঠিন। তবে এর মধ্যে রুনির টি-শার্ট থেকে একজনের পূর্ণাঙ্গ প্রোফাইল পাওয়া গেছে। সাগরের হাত ও পা বাঁধা কাপড়ের নমুনা থেকে আরও একাধিক ব্যক্তির ডিএনএ নমুনা পাওয়া যেতে পারে। পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন, এই দুটি কাপড়ে সাধারণ মানুষের হাত পড়েনি। এ কারণে এতে খুনির হাতের ছাপ বা অন্য কোনো চিহ্ন থাকতে পারে।কমান্ডার এম সোহায়েল প্রথম আলোকে বলেন, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে রাসায়নিক ও ডিএনএ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যেতে পারে। এর আগে সন্দেহভাজন ব্যক্তিদের ডিএনএ নমুনা সংগ্রহ করার কাজ শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে পাওয়া ডিএনএ প্রোফাইলের সঙ্গে মিলিয়েই অপরাধী শনাক্ত করা হবে। তিনি বলেন, প্রথম শ্রেণীর একজন কর্মকর্তাকে এ মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আরও তিনজন কর্মকর্তাকে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা প্রযুক্তিগত বিশ্লেষণও করছেন। র‌্যাব সূত্র জানায়, এ মামলার প্রত্যক্ষদর্শী সাগর-রুনির সন্তান মেঘের কাছ থেকে মনোরোগের চিকিৎসকদের সহায়তা নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যে তিন দফা মেঘের সঙ্গে কথা বলা হয়েছে। মেঘের সঙ্গে আবারও কথা বলা হবে। মিলিয়ে দেখার জন্য মেঘের ডিএনএ নমুনাও সংগ্রহ করা হবে। গত ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ওই হত্যাকাণ্ডের দিনই স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন খুনিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। এরপর পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ‘প্রণিধানযোগ্য’ অগ্রগতির কথা বলেন। কিন্তু এতে কোনো অগ্রগতি না হওয়ায় গত ১৮ এপ্রিল মামলার তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আদালতে ব্যর্থতার দায় স্বীকার করে নেয়। প্রভাবশালীকে বাঁচাতে আসল ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এরপর উচ্চ আদালত র‌্যাবকে মামলার তদন্ত করার নির্দেশ দেন। তদন্তভার পাওয়ার পর গত ২৬ এপ্রিল ভিসেরা আলামতের জন্য নিহত দুজনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়। ভিসেরা পরীক্ষায় নিহত সাগর-রুনির শরীরে বিষক্রিয়ার কোনো আলামত মেলেনি। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকেরা বিক্ষোভ, মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি পালন করে আসছেন। এত কিছুর পরও তদন্ত শুরুর পর এ পর্যন্ত এ মামলায় একজনকেও গ্রেপ্তার করা যায়নি। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে অন্য মামলায় গ্রেপ্তার করে। গোয়েন্দা পুলিশ তদন্ত পর্যায়ে ৪০ জনকে এবং র‌্যাব এখন পর্যন্ত ৯৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। এঁদের মধ্যে রুনির বাসার দারোয়ান হুমায়ুন কবির গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদের পর থেকে পলাতক আছেন। নিখোঁজ দারোয়ানের মোবাইল ফোন গত ১৫ জুলাই গোয়েন্দা পুলিশের এক সহকারী কমিশনারের ভাইয়ের কাছ থেকে উদ্ধার করে র‌্যাব। তার ব্যাপারে খোঁজ করতে গিয়ে র‌্যাব কর্মকর্তারা জানতে পারেন, বিভিন্ন প্রতিষ্ঠানে ভুয়া ঠিকানা দিয়ে চাকরি নিয়েছেন হুমায়ুন। সর্বশেষ তাঁর দেওয়া কুড়িগ্রামের ঠিকানায় গিয়ে র‌্যাব জানতে পারে, এ ঠিকানাটিও ভুয়া। এর আগে হুমায়ুন শেরে খোদা সিকিউরিটিজ নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। আদাবরে ওই প্রতিষ্ঠানে গিয়ে জানা যায়, প্রতিষ্ঠানের মালিক জাফরুল হক গত ৬ এপ্রিল মির্জাপুরের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ দুর্ঘটনা স্বাভাবিক কি না, তা-ও খতিয়ে দেখছে র‌্যাব।এদিকে, তদন্তের অগ্রগতির ব্যাপারে কোনো তথ্য জানেন কি না, জানতে চাইলে মেহেরুন রুনির ভাই নওশের আলম প্রথম আলোকে বলেন, ‘কী হচ্ছে আমরা এর কিছুই জানি না। আমাদের কিছু বলাও হচ্ছে না।’