সন্দেহভাজনদের ডিএনএ পৃথক করা হচ্ছে: র‌্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ডিএনএ (ডি-অক্সিরাইবো নিউক্লিক এসিড) থেকে সন্দেহভাজনদের ডিএনএ পৃথক করার কাজ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের দুটি পরীক্ষাগারে এ কাজ হচ্ছে। আগামী মাসের মধ্যে এটা শেষ হবে। সাংবাদিক দম্পতির হত্যা মামলার তদন্তকারী সংস্থা র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল গতকাল শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্তে উন্নতি হচ্ছে। ধীরে ধীরে এসব গণমাধ্যমকে জানানো হবে। নিহত মেহেরুন রুনির পরনের পোশাক থেকে এক ব্যক্তির পূর্ণাঙ্গ ডিএনএ প্রোফাইল পেয়েছে যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারটি। গতকাল প্রথম আলোতে এ নিয়ে খবর প্রকাশের পর র‌্যাব সদর দপ্তর থেকে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। কমান্ডার সোহায়েল বলেন, মামলার তদন্তের সবকিছু প্রকাশ্যে হয় না। কিছু কাজ হয় গোপনে। তদন্ত কার্যক্রম দৃশ্যমান হলে অপরাধী পার পেয়ে যেতে পারে। তিনি বলেন, এ মামলার তদন্তে র‌্যাব সর্বোচ্চ সামর্থ্য প্রয়োগ করছে। এ তদন্ত হচ্ছে বিজ্ঞানসম্মত এবং আধুনিক। আদালতের অনুমতি নিয়ে নয়টি আলামত পরীক্ষার জন্য ডিএনএ ও রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। আড়াই মাস কাজ করার পর এসব আলামত থেকে প্রাপ্ত ডিএনএ পরীক্ষা করে সন্দেহভাজনদের ডিএনএ বাছাই করা হচ্ছে। আগামী মাসের মধ্যে এ কাজ শেষ হয়ে যাবে।এ খাতে কত ব্যয় হচ্ছে—জানতে চাইলে সোহায়েল বলেন, সরকার মামলা পরিচালনার যে খরচ দেয়, তার ভেতরেই এ অর্থ ব্যয় করা হচ্ছে। তিনি বলেন, র‌্যাবের হাতে পেশাদার অপরাধী ছাড়াও অনেকের ডিএনএ আছে। এসব ডিএনএর পাশাপাশি সন্দেহভাজনদের ডিএনএ মিলিয়ে দেখা হবে। ডিএনএ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন আসার পর অপরাধী গ্রেপ্তারে মাঠে নামবে র‌্যাব।