সন্দেহের তীর আইএসআইর দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ওসামা বিন লাদেনের অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে। তারা বলেছে, এ ব্যর্থতা তাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে। এর মধ্য দিয়ে বিন লাদেনকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার বিষয়ে আরও জোরালোভাবে আইএসআইয়ের দিকে সন্দেহের আঙুল তুলেছেন বিশ্লেষকেরা।তবে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সব সন্দেহ-সংশয় নাকচ করে বলেছেন, জঙ্গি নির্মূলে তাঁর সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।ইসলামাবাদে কর্তব্যরত বিবিসির সাংবাদিক ওয়েন বেনেট জোন্সকে আইএসআইয়ের একজন কর্মকর্তা বলেন, অ্যাবোটাবাদের ওই বাড়িতে আল-কায়েদার নেতা আবু ফরাজ আল লিব্বি লুকিয়ে আছেন মনে করে তাঁরা ২০০৩ সালে একবার তল্লাশি চালিয়েছিলেন। তার পর থেকে আর বাড়িটির ব্যাপারে খোঁজ নেওয়া হয়নি।গোয়েন্দা কর্মকর্তা বলেন, এ ব্যর্থতা তাঁদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। তিনি মন্তব্য করেন, একটি ব্যর্থতা আইএসআইয়ের সব সফলতা ম্লান করে দেবে, এটা তাঁরা মনে করেন না।এদিকে ওসামা বিন লাদেন হত্যার দায় বা কৃতিত্ব কোনোটাই দাবি করতে চাইছেন না প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি বলেছেন, অ্যাবোটাবাদের অভিযানে পাকিস্তানের কোনো নিরাপত্তাকর্মী অংশ নেয়নি। পুরো অভিযান পরিচালনা করেছে মার্কিন বাহিনী।এ ঘটনায় জঙ্গি দমনে পাকিস্তানের ব্যর্থতা উন্মোচিত হয়েছে বলে বিভিন্ন মহল থেকে যে দাবি করা হচ্ছে, জারদারি তা নাকচ করে দিয়েছেন। ওয়াশিংটন পোস্ট-এ লেখা একটি কলামে জারদারি বলেন, বিন লাদেন যেসব জায়গায় লুকিয়ে থাকতে পারেন বলে তাঁরা মনে করেছিলেন, তিনি তার কোথাও ছিলেন না। তবে এখন ওসামা বিন লাদেন শেষ—এটাই হচ্ছে বাস্তবতা। জারদারি বলেন, এটি যৌথ অভিযান না হলেও প্রায় এক দশক ধরে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যে কার্যক্রম চালাচ্ছে, তারই ধারাবাহিকতায় ওসামাকে হত্যা করা সম্ভব হয়েছে।এদিকে অভিযান শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইনপ্রণেতা পাকিস্তানে মার্কিন সহায়তা দেওয়ার বিষয়টি পুনরায় খতিয়ে দেখা উচিত বলে মত দিয়েছেন। তাঁরা মনে করছেন, পাকিস্তানি গোয়েন্দাদের চোখ এড়িয়ে সেনা প্রশিক্ষণের মতো একটি স্পর্শকাতর এলাকায় ওসামা এত দিন বাস করেছেন, এটা বিশ্বাসযোগ্য নয়। তাঁদের ধারণা, ওসামার এই আত্মগোপনের বিষয়টি পাকিস্তান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতেন। তাঁদের মদদ নিয়েই বিন লাদেন সেখানে বহাল তবিয়তে ছিলেন। এ কারণে যুক্তরাষ্ট্র বর্তমানে পাকিস্তানকে সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে যে আর্থিক ও সামরিক সহায়তা দিচ্ছে, তা অব্যাহত রাখা ঠিক হবে কি না, সে বিষয়টি পর্যালোচনা করা দরকার। এ বক্তব্য প্রত্যাখ্যান করে জারদারি বলেছেন, সন্ত্রাস দমন অভিযানে পাকিস্তানের পক্ষ থেকে কখনোই আন্তরিকতার অভাব ছিল না। জঙ্গিদের হাতে পাকিস্তানের যত নিরাপত্তাকর্মী নিহত হয়েছে, পৃথিবীর অন্য কোনো দেশে তা হয়নি।পাকিস্তানের কিছু নাগরিক মনে করেন, তাঁদের দেশে বিন লাদেনের হত্যার ঘটনা গোটা জাতিকে লজ্জায় ফেলে দিয়েছে। এর আগে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এএফপিকে বলেন, ‘আমি বিস্তারিত জানি না। তবে যত দূর জানি, আমরা গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছি।’পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক তালাত মাসুদ জানান, অভিযানের বিষয়ে পাকিস্তানি কর্মকর্তাদের অজ্ঞতার বিষয়টি সাধারণ মানুষের মধ্যে এ ধারণার জন্ম দেবে যে পাকিস্তানি সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের কাছে একেবারেই নগণ্য। এএফপি ও বিবিসি অনলাইন।