সন্দ্বীপে পৌরসভা নির্বাচনে বাধা নেই, কাল ভোট গ্রহণ
সন্দ্বীপ পৌরসভার নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ সোমবার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা নির্বাচন কমিশনের করা এক আদেশের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর ফলে কাল সন্দ্বীপে পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণে আর কোনো বাধা রইল না। প্রসঙ্গত, ভোটার তালিকা হালনাগাদ না করা ও সীমানা পুনর্নির্ধারণ নিয়ে স্থানীয় বাসিন্দা ম. আতিকুল্লার করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ১০ জানুয়ারি পৌরসভাটির নির্বাচন স্থগিত করেছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করেন। এর ওপর শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।আদালতে নির্বাচন কমিশনের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম এবং আবেদনকারীর পক্ষে এ এম আমিনুদ্দিন মামলাটি পরিচালনা করেন।