সন্দ্বীপে যুবদলের কর্মীর মৃত্যু
চট্টগ্রামের সন্দ্বীপে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় স্থানীয় যুবদলের কর্মী মোহাম্মদ ফরিদের (৩০) মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফরিদের মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার বিকেলে দুই পক্ষের মারামারির সময় তিনি গুরুতর আহত হয়েছিলেন।সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, জায়গা-জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার বিকেলে ফরিদের সঙ্গে প্রতিবেশী যুবকদের মারামারি হয়। এতে ফরিদ গুরুতর আহত হলে তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত একটার দিকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ তিনি মারা যান।ফরিদকে যুবদলের কর্মী দাবি করে সন্দ্বীপ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, এ হত্যাকাণ্ডের জন্য স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা দায়ী। তাঁর দাবি, ফরিদ স্থানীয় ছাত্রলীগের দুই কর্মী রাজু ও সাজুর বিরুদ্ধে মঙ্গলবার সকালে সন্দ্বীপ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর জের ধরেই তাঁকে বেদম মারপিট করা হয়।