সন্দ্ব্বীপ ও বাগমারায় বজ্রপাতে ২ ছাত্রসহ তিনজনের মৃত্যু
চট্টগ্রামের সন্দ্বীপ ও রাজশাহীর বাগমারায় আজ বুধবার সকালে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে।চট্টগ্রাম থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, আজ বুধবার সকালে সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুজন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্ররা হলো সন্দ্বীপের আজিমপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মো. নাজিম (১৩) ও মো. রিপন (১৩)।প্রত্যক্ষদর্শী একই স্কুলের নবম শ্রেণীর ছাত্র আবু সৈয়দ ফরহাদ প্রথম আলোকে জানায়, শিক্ষকের বাসা থেকে প্রাইভেট পড়ে আজিমপুর ইউনিয়নে বেড়িবাঁধের ওপর দিয়ে বাসায় ফিরছিল নাজিম ও রিপন। হঠাত্ বজ্রপাতে দুজনেই পড়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অতিরিক্ত জেলা পুলিশ সুপার সফিকুল ইসলাম বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।আমাদের বাগমারা (রাজশাহী) প্রতিনিধি জানান, আজ সকালে বাগমারার সোনাডাঙ্গা গ্রামে বজ্রপাতে দয়েজউদ্দিনের (৩৮) মৃত্যু হয়েছে।প্রতিবেশী জাহেদুর রহমান জানান, সকাল নয়টার দিকে দয়েজউদ্দিনের বাড়ির বাইরে বজ্রপাত হয়। এ সময় দয়েজউদ্দিন সেখানে ছিলেন। পরে পরিবারের লোকজন তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে।