ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগসহ সব বিভাগে ‘সান্ধ্যকালীন স্নাতোকোত্তর বাণিজ্যিক কোর্স’ বাতিল না করলে ১৫ জুলাই কলাভবনে ধর্মঘটের পালনের ঘোষণা দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।সন্ধ্যাকালীন কোর্স বাতিলসহ তিন দফা দাবিতে প্রগতিশীল ছাত্রজোট আজ রোববার সমাবেশ করেছে। সমাবেশ থেকে আগামী ১৪ জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।অন্য দুটি দাবি হলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সন্ধ্যাকালীন বাণিজ্যিক কোর্স চালুর সিন্ডিকেট সিদ্ধান্ত বাতিল এবং বর্ধিত পরিবহন ফি বাতিল করতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত এ ছাত্রসংহতি সমাবেশে লোকপ্রশাসন, বাংলা, ইংরেজি, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ফার্মেসি, কম্পিউটার বিজ্ঞান, ভাষাবিজ্ঞান, আইন, ব্যবস্থাপনা, নৃবিজ্ঞানসহ ২০ বিভাগের শিক্ষার্থী এবং প্রগতিশীল ছাত্রজোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা বক্তব্য দেন।বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি আবু তোয়াবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অবিলম্বে লোকপ্রশাসন বিভাগসহ সব বিভাগ ও অনুষদে সন্ধ্যাকালীন বাণিজ্যিক কোর্স বাতিল ও বর্ধিত পরিবহন ফি প্রত্যাহারের দাবি জানান।