সন্ধ্যার পর চট্টগ্রামে একযোগে ককটেলের বিস্ফোরণ
চট্টগ্রাম নগরে আজ বুধবার সন্ধ্যার পর একযোগে নগরের অন্তত সাতটি মোড়ে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় বিকট শব্দ হয়। এতে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নগরের চেরাগীপাহাড়, কাজীর দেউড়ী, আসকার দীঘিপাড়, ওয়াসা, প্রবর্তক মোড়, নিউমার্কেট মোড় ও স্টেশন সড়কে আজ সন্ধ্যা সাতটার পর একযোগে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পিকেটাররা এই বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ কর্মকর্তারা মনে করছেন। সূর্যাস্তের আগ মুহূর্ত পর্যন্ত শান্তিপূর্ণভাবে হরতালের কর্মসূচি পালিত হয়। হরতালের পক্ষে বিএনপি এবং বিপক্ষে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাঠে ছিলেন। কিন্তু সন্ধ্যার পরই পরিস্থিতি উত্তপ্ত করতে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বলে পুলিশ কর্মকর্তারা জানান।প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল বিস্ফোরণের সময় সংশ্লিষ্ট এলাকাগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিটি জায়গায় একটি থেকে দুটি করে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় লোকজনকে নিরাপদ জায়গায় ছুটে যেতে দেখা গেছে। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, আতঙ্ক ছড়ানোর জন্য পিকেটাররা সন্ধ্যার পর কয়েকটি মোড়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কেউ হতাহত হয়নি। পুলিশ নগরের গুরুত্বপূর্ণ মোড়ে সতর্ক অবস্থানে আছে।