সপরিবারে ভারত সফরে যাচ্ছেন ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী ৫ নভেম্বর পাঁচ দিনের সফরে সপরিবারে ভারতে যাবেন। ভারতের মুম্বাইতে হোটেল তাজে একদিন থাকবেন তিনি।গত বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর এটাই ওবামার প্রথম ভারত সফর। সন্ত্রাস দমনে তিনি যে ভারতের পাশে আছেন, সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই তিনি হোটেল তাজে একদিন থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ২৬/১১-তে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনালসহ যেসব স্থানে জঙ্গি হামলা হয়েছে, সেসব স্থান পরিদর্শন করবেন। সন্ত্রাসী হামলার শিকার হোটেল তাজেও বারাক ওবামা একই কারণে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও ভারত সফরে এসে হোটেল তাজে ছিলেন। আগামী ৬ নভেম্বর মুম্বাইতে ইন্দো-মার্কিন শিল্পপতিদের এক যৌথ বৈঠকে বারাক ওবামা ভাষণ দেবেন। স্বর্ণমন্দির দেখতে ৭ নভেম্বর তিনি অমৃতসরে যাবেন। ৮ নভেম্বর তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করবেন। ভারতীয় সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনেও তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, ২০০০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ভারতীয় সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত যৌথ অধিবেশনে ভাষণ দেন। এরপর বারাক ওবামাই দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট যিনি সেখানে ভাষণ দেবেন।