সপ্তম নৌবহর মোতায়েনের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত বা সম্পাদিত হবে এমন সব চুক্তি জনসমক্ষে প্রকাশ করতে হবে। একই সঙ্গে ওই সব চুক্তি দ্রুত সংসদে পেশ করার দাবি জানান দেশের ১৫ জন বাম-প্রগতিশীল শিক্ষক-বুদ্ধিজীবী। আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাম-প্রগতিশীল শিক্ষক-বুদ্ধিজীবী সংগঠনের আহ্বানে আয়োজিত এক সমাবেশে দলের নেতারা সরকারের প্রতি এসব দাবি জানান। বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর মোতায়েনের ষড়যন্ত্র ও এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরির ৬০ শতাংশ মোতায়েন প্রতিহত করার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক কে এম সাদ উদ্দিন। সমাবেশে সৈয়দ আবুল মকসুদ বলেন, কঠোর পররাষ্ট্রনীতি ছাড়া বাংলাদেশের প্রতি মার্কিন আগ্রাসন ঠেকানো যাবে না। তিনি দেশের প্রধান দলগুলোর প্রতি সমালোচনা করে বলেন, শাসক দল বা প্রধান বিরোধী দল—কেউই মার্কিন রণতরির সপ্তম নৌবহর নিয়ে চিন্তিত নয়। তারা এদের সঙ্গে বন্ধুত্ব করতে ব্যস্ত। তাই সাধারণ জনগণকেই এ বিষয়ে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের তেল-গ্যাস-কয়লা-সমুদ্র সম্পদের ওপর সাম্রাজ্যবাদীদের নজর দীর্ঘদিনের। এসব সম্পদ লুটপাট ও এ অঞ্চলে নতুন করে আধিপত্য বিস্তারের খেলায় মেতে উঠেছে তারা। দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এই সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।সাম্রাজ্যবাদবিরোধী ঘোষণাপত্রের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন—অধ্যাপক আনিসুর রহমান, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক আহসানুল হক, অধ্যাপক ইমদাদুল হক, অধ্যাপক এ এন রাশেদা, প্রকৌশলী ড. আবুল কাশেম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও মোশরেফা মিশু, সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য শাহাবুদ্দিন আহমেদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী, কমিউনিস্ট লীগের নজরুল ইসলামসহ বাম-প্রগতিশীল রাজনৈতিক দল, ছাত্র-যুব-শ্রমিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা মিছিল করে যোগ দেন। সমাবেশ শেষে সাম্রাজ্যবাদবিরোধী এক বিশাল মিছিল জাতীয় প্রেসক্লাব, পুরানা পল্টন, জিরো পয়েন্ট, গোলাপ শাহ মাজার, গুলিস্তান, বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।