সপ্তম সংশোধনী অবৈধ ও অসাংবিধানিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের ক্ষমতা গ্রহণ ও ১৯৮২ থেকে ’৮৬ সাল পর্যন্ত জারি করা সামরিক আইন, ফরমান, আদেশ ও নির্দেশকে বৈধতা দান করা হয় সংবিধানের সপ্তম সংশোধনীর মাধ্যমে।জানা যায়, ওই সময়ে সামরিক আদালতের রায়ে সাজাপ্রাপ্ত চট্টগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সিদ্দিক আহমেদ সংবিধানের সপ্তম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে গত এপ্রিলে হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ৫ এপ্রিল আদালত রুল জারি করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সিদ্দিক আহমেদের জামিন মঞ্জুর করা হয়। গতকাল বুধবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানিতে বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের ক্ষমতা দখল অবৈধ। মার্শাল ল জারিও অবৈধ। কারণ, সংবিধানে সামরিক আইন ও সামরিক শাসনের কোনো বিধান নেই। এরশাদ সেনাপ্রধান হিসেবে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন। তাঁর জারি করা সামরিক আইন, ফরমান, আদেশ এবং তাঁর রাষ্ট্র পরিচালনা ছিল সংবিধান অনুযায়ী অবৈধ। এটি ফৌজদারি অপরাধ। অবৈধ ও সংবিধান-বহির্ভূতভাবে ক্ষমতা দখল করায় তাঁর বিচার হওয়া উচিত। প্রচলিত আইনে এ বিচার সম্ভব।শুনানিতে রিট আবেদনকারীর আইনজীবী হাসান এম এস আজিম বলেন, সামরিক শাসন জারি অবৈধ। সপ্তম সংশোধনী সংবিধানের মূল চেতনার পরিপন্থী। ১৯৮২ সালের ২৪ মার্চ ফরমানের মাধ্যমে সামরিক আইন জারি করে সংবিধানকে সামরিক আইনের অধস্তন করা হয়। যা সংবিধানের ৭ অনুচ্ছেদের পরিপন্থী হওয়ায় সামরিক শাসনকে বৈধতা দেওয়ার ক্ষমতা সংসদেরও ছিল না। এ সংশোধনীর মাধ্যমে সংসদ, সংবিধান ও জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তিনি আরও বলেন, সামরিক শাসন জারির মাধ্যমে এরশাদ সংবিধান স্থগিত করেন। কিন্তু সংবিধান স্থগিত করার কোনো ক্ষমতা তাঁর নেই। ১৯৮২ সালের সামরিক শাসন জারি সংবিধানের মৌলিক স্তম্ভের পরিপন্থী।এর আগে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা শুনানি করেন। আদালতের পরামর্শে গতকাল শুনানিতে অংশ নেন আইনজীবী আবদুল মতিন খসরু।সিদ্দিক আহমদের প্রধান আইনজীবী হাসান এম এস আজিম ইউএনবিকে জানিয়েছে, হাইকোর্টের দেওয়া পঞ্চম সংশোধনীর রায়ের মতোই সপ্তম সংশোধনীর এই রায় ঐতিহাসিক। পঞ্চম সংশোধনীর রায়ের মাধ্যমে খন্দকার মোশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম ও মেজর জেনারেল জিয়াউর রহমানের সামরিক আইন ও নীতিমালা অবৈধ ঘোষণা করা হয়।এম এস আজিম বলেন, হাইকোর্ট ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত সরকারের সব কার্যাবলিকে অবৈধ ঘোষণা করেছেন। তবে এ সময় অনেক অবৈধ কাজ জনস্বার্থে করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আদালত কিছু কাজকে ক্ষমাসুলভ চোখে দেখেছেন, যা সংবিধানের মাধ্যমে সমাধান করা সম্ভব ছিল। তাঁর বাদী সিদ্দিকের বিচার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, হাইকোর্ট সুনির্দিষ্ট কোনো সমাধান দেয়নি। এম এস আজিম বলেন, যেহেতু সামরিক আইন এখন আর নেই, তাই বর্তমান আইনে এই সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।এই মামলায় এম এস আজিমের সহযোগী আইনজীবী হিসেবে ছিলেন মির্জা আল মাহমুদ ও কামাল হোসাইন মিয়াজী।