সপ্তম সংশোধনীর আপিল শুনানি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের অংশবিশেষের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে শুনানি শেষ হয়। বিষয়টি এখন রায়ের জন্য অপেক্ষমান। যে কোনদিন রায় ঘোষণা করা হতে পারে। এ দিকে সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা সংক্রান্ত আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদনের ওপর আজ রায় ঘোষণার কথা রয়েছে। সংবিধানের সপ্তম সংশোধনীতে সামরিক আইন প্রশাসক হিসেবে ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট এইচএম এরশাদের যাবতীয় কাজের বৈধতা দেওয়া হয়েছিল। একটি হত্যা মামলায় সামরিক আদালতে সাজাপ্রাপ্ত চট্টগ্রামের বাসিন্দা সিদ্দিক আহমেদ হাইকোর্টে রিট আবেদন করলে গত বছরের ২৬ আগস্ট ওই সংশোধনী অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। তবে সিদ্দিকের সাজা বহাল থাকে। এরপর গত ১১ এপ্রিল হাইকোর্টের রায়ের কিছু অংশের বিরুদ্ধে আপিল করেন সিদ্দিক আহমেদ। এদিকে পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা সংক্রান্ত আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদনের ওপর আদেশ হওয়ার কথা আজ। এ বিষয়ে শুনানি শেষে গত ৭ এপ্রিল আপিল বিভাগের বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন। সংবিধানের পঞ্চম সংশোধনীতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর ক্ষমতাসীন সামরিক সরকারের সময় সংবিধানের বিভিন্ন সংযোজন ও বিয়োজনকে বৈধতা দেওয়া হয়েছিল। গত ১৪ মার্চ সরকারপক্ষ আপিল বিভাগের ইতিপূর্বে দেওয়া রায়ের দুটি অংশে পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদনটি করেন। পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে ২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্ট এক আলোচিত রায় দেন। আপিল বিভাগ গত বছরের ২ ফেব্রুয়ারি ওই রায়ের কিছু পরিমার্জন ও সংশোধনের কথা উল্লেখ করে এক রায় দেন।