সপ্তম সংশোধনীর বৈধতা নিয়ে রিটের রায় কাল
সংবিধানের সপ্তম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর কাল বৃহস্পতিবার রায় দেওয়া হবে। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাত কার্যদিবস শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করেছেন।শুনানিতে অংশ নিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, ১৯৮২ সালের ২৪ মার্চ তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদের ক্ষমতা গ্রহণ অবৈধ। সামরিক শাসন জারিও অবৈধ ছিল। তিনি তাঁর ক্ষমতার বাইরে গিয়ে সংবিধান স্থগিত করেন। এসব কাজ সপ্তম সংশোধনীর মাধ্যমে বৈধতা দেওয়াও ছিল অবৈধ। এর মাধ্যমে তিনি ফৌজদারি অপরাধ করেছেন। প্রচলিত ফৌজদারি আইন অনুযায়ী তাঁর বিচার হওয়া উচিত।রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী হাসান এম এস আজিম বলেন, ‘সামরিক শাসন অবৈধ। সংবিধানের সপ্তম সংশোধনী অনুমোদনের ক্ষমতা সংসদের ছিল না। সংসদ ওই সংশোধনী পাসের মাধ্যমে জনগণ ও সংবিধানের সঙ্গে প্রতারণা করেছে। সামরিক শাসন জারি দেশের সংবিধান পরিপন্থী। কারণ, আমাদের সংবিধানের মূল ভিত্তি হচ্ছে গণতন্ত্র।’চলতি বছরের ২৪ জানুয়ারি এরশাদের সামরিক শাসন জারি, সামরিক আদালতে বিচার ও দণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন সিদ্দিক আহমেদ।প্রসঙ্গত, ১৯৮৪ সালের ১২ নভেম্বর চট্টগ্রামের মশলা ব্যবসায়ী আবু তাহের খুন হন। ওই বছরের ২৪ ডিসেম্বর এ ঘটনায় চট্টগ্রাম কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সাধারণ আদালতে মামলাটি চলছিল। ১৯৮৬ সালের ১২ মার্চ এক আদেশে মামলাটি বিশেষ মার্শাল ল আদালত-৩-এ (চট্টগ্রাম) স্থানান্তর করা হয়। ওই বছরের ২০ মার্চ আদালত সিদ্দিক আহমেদ, নূর মোহাম্মদ ও নুরুল আনোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় দেন। রায়ের সময় সিদ্দিক আহমেদ পলাতক ছিলেন। এরপর ২০০৬ সালের ২ আগস্ট তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারগারে।