সপ্তাহ শেষে বৃষ্টি বাড়তে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় গতকাল সোমবারের সকালটা শুরু হয়েছিল ঝাঁ ঝাঁ রোদ দিয়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কালো করে নামল বৃষ্টি। জন্মাষ্টমীর কারণে সরকারি ছুটি হওয়ায় অনেকেই ঈদের কেনাকাটা করতে বের হয়েছিলেন। কিন্তু অবিরাম বৃষ্টিতে কাকভেজা হয়ে ভোগান্তিকে সঙ্গী করে বাড়ি ফিরতে হয়েছে তাঁদের। অল্প সময়ের অতিবৃষ্টিতে রাজধানীর মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ বেশ কিছু এলাকার প্রধান সড়কে পানি জমে যায়। সড়কের খানাখন্দগুলো টইটম্বুর হয়ে ওঠে। অলিগলির অবস্থাও তথৈবচ। বাড়ির বাইরে বের হওয়া নগরবাসীর বিড়ম্বনা আর ভোগান্তি বাড়ায় এই বৃষ্টি।আবহাওয়া বিভাগ বলছে, এটা স্বাভাবিক মৌসুমি বৃষ্টি। গতকাল সারা দিনে রাজধানী ও ফেনীতে ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খুলনায় দেশের সর্বোচ্চ ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ, পটুয়াখালী ও বাগেরহাটে সামান্য বৃষ্টি হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, সাধারণত মৌসুমি বায়ু সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত বাংলাদেশের ওপর সক্রিয় থাকে। এবারও এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই। চলতি সপ্তাহের শেষের দিকে মৌসুমি বায়ু আরও সক্রিয় হবে। তাই বৃষ্টিপাতের পরিমাণও বাড়তে পারে।আজকের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম ও বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় আছে। তাই আজও দেশের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে।পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছে, রাজধানীর চারপাশের চারটি নদীর পানি সামান্য বেড়েছে। মেঘনা নদীর পানিও কিছুটা বেড়েছে। ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর অববাহিকার পানি কিছুটা কমেছে। এতে দেশের দক্ষিণ-পশ্চিম এবং মধ্য ও পূর্বাঞ্চলে বন্যা-পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।রাজধানীর রোকেয়া সরণি ও মিরপুর রোডে সরেজমিন ঘুরে বৃষ্টির পানি ঢুকে বাস আর প্রাইভেট গাড়ি নষ্ট হওয়ার বেশ কিছু দৃশ্য চোখে পড়েছে। নষ্ট হওয়া গাড়ি রাজপথের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। গর্তের মধ্যে রিকশা আর মোটরসাইকেল উল্টে পড়ে একাধিক স্থানে।