আগামী ৩১ ডিসেম্বর শনিবার থেকে সাত দিনব্যাপী কমরেড মণি সিংহ মেলার আয়োজন করা হচ্ছে তাঁর বাড়ি নেত্রকোনার দুর্গাপুরে। সিপিবির সাবেক সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম স্থপতি মণি সিংহের একুশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই মেলার আয়োজন করা হচ্ছে। মেলা শেষে ৭ জানুয়ারি বিকেলে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘মণি সিংহ ব্যক্তিগত স্মৃতিচারণ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। গতকাল বুধবার রাজধানীর মণিসিংহ সড়কের মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মণিসিংহ এমন একজন নেতা, যাঁকে বাম-ডান-মধ্যপন্থী সকল রাজনৈতিক দলের নেতৃত্বই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এ ধরনের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সমাজ থেকে ক্রমশই কমে যাচ্ছে। তাই মণি সিংহকে স্মরণ করে দেশের মানুষের শুভ মূল্যবোধকেই পুনরায় পুনরুদ্ধার করার চেষ্টা থাকবে। সাতদিনের মেলার প্রথম দিন শনিবার শোভাযাত্রা, জাতীয় ও সর্বদলীয় নেতাদের উপস্থিতিতে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ১ জানুয়ারি নৃত্য, আবৃত্তি, দেশাত্মবোধক অনুষ্ঠান, চক্ষশিবির, আলোচনা সভা; ২ জানুয়ারি মণি সিংহের জীবনের উপর ছাত্তার বয়াতির বাউল গান, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান; ৩ জানুয়ারি চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা; ৪ জানুয়ারি আদিবাসী আন্দোলনের উপর আলোচনা; ৫ জানুয়ারি পুঁজিবাদী বিশ্বের সংকটের উপর আলোচন; ৬ জানুয়ারি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক বিকাশের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। ৭ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় অনুষ্ঠানে বিভিন্ন সময়ে মণি সিংহের সঙ্গে ঘনিষ্ট জনেরা তাঁদের স্মৃতিচারণ করবেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কমরেট মণি সিংহ মেলা উদযাপন কমিটির সদস্য সচিব এম. এম. আকাশ বক্তব্য রাখেন।