সপ্তাহে এক দিন গ্রামে সেবা দিতে চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান (ভিডিও)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামাঞ্চলের মানুষের কাছে চিকিৎসার সুযোগ পৌঁছে দিতে সপ্তাহে এক দিন নিজ নিজ গ্রামে যেতে চক্ষু চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। গ্রামাঞ্চলে প্রতি মাসে চক্ষু শিবির করে ছানি অপারেশনসহ উন্নত চিকিৎসাসেবা দেওয়ার জন্যও তাঁদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির ৪০তম বার্ষিক সাধারণ সম্মেলন উদ্বোধনকালে এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, অন্ধত্ব প্রতিরোধে দক্ষ চক্ষু চিকিৎসকের বিকল্প নেই। তিনি চিকিৎসকদের অর্জিত জ্ঞান গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে আরও শাণিত করার জন্য আগ্রহী হতে তাঁদের প্রতি আহ্বান জানান। চোখ মানুষের শরীরের অত্যন্ত প্রয়োজনীয় ও মূল্যবান অঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, চক্ষু চিকিৎসকেরা মানুষের এই গুরুত্বপূর্ণ অঙ্গের চিকিৎসাসেবার মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষায় যথেষ্ট অবদান রাখছেন। প্রধানমন্ত্রী বলেন, অন্ধত্ব বাংলাদেশের জন্য একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। এ দেশে এর সংখ্যা প্রায় সাড়ে সাত লাখ। এর প্রায় শতকরা ৮০ ভাগ ছানিজনিত, যা পরিহারযোগ্য। ছানিজনিত অন্ধত্ব অস্ত্রোপচারের মাধ্যমে নিরাময় করা সম্ভব। এ জন্য জনগণকে সচেতন করতে এবং সময়মতো চক্ষু চিকিৎসকের কাছে যেতে উদ্বুদ্ধ করতে হবে। এই সচেতনতা সৃষ্টিতে তিনি চিকিৎসক, গণমাধ্যমকর্মী, সমাজকর্মী ও সব সেবামূলক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।সমিতির সভাপতি দীন মোহাম্মাদ নূরুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, সমিতির মহাসচিব জিয়াউল ইসলাম মোহাম্মাদ আলী ও সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান শরফুদ্দিন আহমাদ বক্তব্য দেন। বাসস।