সপ্তাহে একবার ডায়াবেটিসের ওষুধ!
ডায়াবেটিস নিয়ন্ত্রণে শিগগিরই বাজারে আসছে সপ্তাহে একবার গ্রহণের ওষুধ। এতে প্রতিদিন যারা ওষুধ খায় বা ইনসুলিন নেয়, এসব ডায়াবেটিক রোগী উপকার পাবে। আজ শনিবার ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন সংস্থা ফার্মাসিউটিক্যাল রিসার্চ অ্যান্ড ম্যানুফেকচারস অব আমেরিকা নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রোগীদের দুর্ভোগ ও খরচ কমাতে সপ্তাহে একবার গ্রহণের ওষুধ শিগগিরই বাজারে আনা সম্ভব হতে পারে। এ ওষুধ বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়স্ত্রণ কর্তৃপক্ষ এখন এ ওষুধের কার্যকারিতা ও অন্যান্য দিক পরীক্ষা করছে। ওষুধটি বাজারে এলে ডায়াবেটিসের বিরুদ্ধে চলমান লড়াইয়ে একটা বড় অগ্রগতি আসবে বলে মনে করছেন গবেষকরা। ওষুধটি বিশ্বের প্রায় প্রায় ৩৪ কোটি ৭০ লাখ ডায়াবেটিক রোগীকে সহায়তা দেবে। এই নতুন ওষুধের কাজ হবে রক্তে চিনির মাত্রা কমানোর বদলে অগ্ন্যাশয়ের ইনসুলিন নিঃসরণের ক্ষমতা বাড়ানো। অগ্ন্যাশয়ের পর্যাপ্ত ইনসুলিন তৈরির ক্ষমতা কমে গেলে ডায়াবেটিস দেখা দেয়। ডায়াবেটিসের ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, বিশ্বের ওষুধ প্রস্তুতকারী গবেষণা কোম্পানিগুলো ব্যাধি নিয়ন্ত্রণে বর্তমানে ২২১ ধরনের নতুন ওষুধ তৈরির চেষ্টায় নিয়োজিত রয়েছে। বিশ্বের ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।