সফটওয়্যার-প্রতিভা থেকে প্রতারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাজীবনে তাঁর ছিল মহান ব্রত। পড়াশোনা শেষ করে হয়েছিলেন সফটওয়্যার-প্রতিভা। কিন্তু এ লক্ষ্যে অটল থাকতে পারেননি তিনি। ব্যাংকের ডেবিট কার্ড নকল করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এখন গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার। গতকাল মঙ্গলবার রাতে তিন সহযোগীসহ ধরা পড়েন প্রতারক মো. সেলিম (৪২)। ছাত্রজীবনে মেধার পরিচয় দিয়েছিলেন তিনি। পেশাগত জীবনে এসে মাদকাসক্ত হয়ে তিনি পা বাড়ান অসত্ পথে। একপর্যায়ে জড়িয়ে পড়েন জালিয়াত চক্রের সঙ্গে।পেয়েছেন সম্মাননা ও সরকারি অনুদান রংপুর কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন মো. সেলিম। ছোটবেলা থেকেই কম্পিউটারের প্রতি ছিল তাঁর প্রচণ্ড ঝোঁক। ১৯৮৯, ১৯৯০, ১৯৯১ সালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছ থেকে সেরা তরুণ বিজ্ঞানীর সম্মাননা পান সেলিম। কম্পিউটার সফটওয়্যার গবেষণায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছ থেকে ১৪ লাখ টাকা অনুদানও পান তিনি। ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান এবং নাম প্রকাশে অনিচ্ছুক সেলিমের পরিবারের এক সদস্য প্রথম আলো ডটকমকে এসব তথ্য জানান। ]মাদকাসক্ত হয়ে অসত্ পথেকম্পিউটারের ওপর প্রাতিষ্ঠানিক ডিগ্রি না থাকলেও প্রতিভার গুণে ১৯৯৫ সালে সাইটেক নামের একটি কম্পিউটার প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পান সেলিম। ১৯৯৯ সালে সংসার জীবন শুরু করেন তিনি। পরে চাকরি নেন আমরা টেকনোলজিতে। এরপর বন্ধুবান্ধবের সঙ্গে মিশে মাদকাসক্ত হন সেলিম। নেশার টাকা জোগাড়ে সেলিম বেছে নেন অসদুপায়। শুরু করেন বিভিন্ন ব্যাংকের ডেবিট কার্ড জাল করে টাকা উত্তোলন। আমরা টেকনোলজিতে চাকরির সুবাদে বিভিন্ন ডাচ-বাংলা, ব্র্যাক, এশিয়া, প্রাইম, সিবিএল ব্যাংকের এটিএম সার্ভিসের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব ছিল সেলিমের। কম্পিউটার প্রযুক্তিতে দক্ষতা কাজে লাগিয়ে ক্রেতাদের পিন নম্বর পাসওয়ার্ড চুরি করে জাল ডেবিট কার্ড বানিয়ে টাকা উত্তোলন করতে থাকেন তিনি। ২০০৮ সালে পুলিশের হাতে ধরা পড়ে কারাগারে ছিলেন সেলিম। জামিনে বের হওয়ার পর মাদকাসক্ত সেলিমের চিকিত্সা করান পরিবারের সদস্যরা। কিছুদিন পরে এডিএন নামে একটি সফটওয়্যার কোম্পানিতে খণ্ডকালীন চাকরি নিয়ে এটিএম মেশিন মেরামতের কাজ শুরু করেন সেলিম। এডিএনের সহকর্মী আরিফ হোসেন খানের সঙ্গে আমরা টেকনোলজিতে চাকরির সময় পরিচয় ছিল তাঁর। পরে মঞ্জুরুল হক, আসাদুল ইসলামের সঙ্গে পরিচয় হয় সেলিমের। চাকরি ছেড়ে এই তিন সঙ্গীর সঙ্গে ডেবিট কার্ড নকল করে টাকা তুলতে থাকেন সেলিম। ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাঁরা স্বীকার করেছেন, এ পর্যন্ত সেলিম প্রায় ৭০ লাখ এবং তাঁর সহযোগীরা ৫০ লাখ টাকা উত্তোলন করেছেন। সেলিমের স্বজনদের দাবি, নেশার পেছনে সব টাকা ওড়ানোয় সেলিমের পরিবার এখন একেবারে নিঃস্ব।