সফটওয়্যার মেলায় এগিয়ে যাওয়ার চমক
যুক্তরাষ্ট্রের একটা সাময়িকীর প্রচ্ছদে যে ছবিটি ছাপা হবে, তার সম্পাদনা ও পত্রিকার পৃষ্ঠাসজ্জার কাজ হচ্ছে ঢাকায়। ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে যে অসংখ্য ফোনকল করা হচ্ছে তার হিসাব রাখা, বিল করার সফটওয়্যার তৈরি করছে বাংলাদেশের একাধিক প্রতিষ্ঠান। ইলেকট্রনিক ভোটগ্রহণ যন্ত্রও তৈরি হয়েছে দেশের প্রযুক্তিবিদদের হাতে। একটা নির্দিষ্ট পথ ধরে চলতে সক্ষম রোবট গাড়ি তো তৈরি করেছেন শিক্ষার্থীরাই।বাংলাদেশে তৈরি কম্পিউটার সফটওয়্যার আর তথ্যপ্রযুক্তির এ রকম নানা ধরনের সেবার নমুনা দেখা যাচ্ছে গতকাল বুধবার ঢাকায় শুরু হওয়া দেশের সফটওয়্যার খাতের সবচেয়ে বড় মেলায়। সফটওয়্যার খাতে বাংলাদেশের বর্তমান অবস্থা আর সামর্থ্যের একটা ছবি পাওয়া যাবে এ থেকে। বেসিস সফটএক্সপো ২০১০ নামের এই মেলার আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল সকালে মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, বিশ্বে গড়ে ১০০ জনের মধ্যে ৬০ জন মোবাইল ফোন ব্যবহার করে। বাংলাদেশে এ সংখ্যা ৪০ জন। আবার বিশ্বে ১০০ জনের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী ৩০ জন। বাংলাদেশে এর সংখ্যা প্রতি ১০০ জনে মাত্র দশমিক তিনজন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এ জায়গাটার উন্নতি দরকার।’ বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ শুধু রাজনীতির স্লোগান নয়, এর মাধ্যমে বাংলাদেশকে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে উন্নত একটি দেশ হিসেবে গড়ে তুলতে হবে। ঢাকার কারওয়ান বাজারের আইসিটি ইনকিউবেটরকে ‘আইটি পার্ক’ হিসেবে ঘোষণা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি বলেন, ‘প্রথমে দেশের যেকোনো একটা জেলাকে ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করা উচিত, যা দেখে ডিজিটাল বাংলাদেশ ধারণার নমুনা বোঝা যাবে।’তথ্যপ্রযুক্তিনির্ভর গণমুখী প্রশাসন ও সেবা সম্প্রসারণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম ঘোষিত লক্ষ্য।অনুষ্ঠানে ডেনমার্কের রাষ্ট্রদূত এইনার এইচ ইয়েনসেনস, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেসডেজাল ও বেসিসের সভাপতি হাবিবুল্লাহ এন করিমসহ অনেকে বক্তৃতা করেন। পাঁচ দিনের এ মেলায় দেশি-বিদেশি ৭৭টি প্রতিষ্ঠানের ১১২টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি হবে সেমিনার ও কর্মশালা। আজ মেলায় সিইওস নাইটের আয়োজন করা হয়েছে। এতে তথ্যপ্রযুক্তির সেরা ব্যবহারকারীদের পুরস্কৃত করা হবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। প্রবেশ টিকিটের দাম ২০ টাকা। তবে শিক্ষার্থীরা বিকেল পাঁচটা পর্যন্ত বিনা মূল্যে মেলায় যেতে পারবেন। এই আয়োজনের পৃষ্ঠপোষক গ্রামীণফোন ও রিভ সিস্টেমস। সহ-পৃষ্ঠপোষক বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল।