সফটওয়্যার রপ্তানিতে বড় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক
তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানি আয় সহজভাবে দেশে আনতে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক বিনিময়সংক্রান্ত বিধিবিধানে বড় ধরনের সংশোধন এনেছে।একইভাবে কেন্দ্রীয় ব্যাংক এ খাতের রপ্তানিকারকদের বিভিন্ন ধরনের বৈদেশিক বিনিময়ে অর্থ প্রেরণের পথও সহজ করেছে। এখন থেকে রপ্তানিকারকেরা বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই তাঁদের রপ্তানি প্রত্যাবাসন কোটা থেকে বছরে ১০ হাজার ডলার বিদেশে পাঠাতে পারবেন।এতে সফটওয়্যার রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হবে বলে উদ্যোক্তারা মনে করছেন। একইভাবে এ খাতের জন্য দেশ থেকে অনানুষ্ঠানিক মুদ্রা প্রেরণও (মুদ্রা পাচার) বন্ধ হবে এবং সফটওয়্যার রপ্তানিতে আয় বাড়বে।বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মাহবুব জামান কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগকে ইতিবাচক ও শুভ সূচনা বলে মত দেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘এই পদক্ষেপ আমাদের তথ্যপ্রযুক্তি রপ্তানির ক্ষেত্রে বড় সহায়ক হবে।’কেন্দ্রীয় ব্যাংক গতকাল বৃহস্পতিবার বৈদেশিক বিনিময়সংক্রান্ত অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে।সফটওয়্যার রপ্তানিকারক, বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদেরা দীর্ঘদিন ধরে অনলাইনে কেনাবেচা (ই-কমার্স) ও মূল্য পরিশোধ এবং দেশে বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসনের সুযোগ দাবি করে আসছিলেন। কিন্তু বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আইন এবং এ সংক্রান্ত দিকনির্দেশনার কারণে তা সম্ভব হচ্ছিল না। গতকালের নির্দেশনার ফলে এখন থেকে বিদেশি ক্রেতারা অনলাইনে (ইন্টারনেটে) আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশি রপ্তানিকারকের অনুকূলে মূল্য পরিশোধ করবেন। তখন সেই অর্থ ব্যাংকের মাধ্যমে রপ্তানিকারকদের হিসাবে জমা হবে।বিধিনিষেধ থাকায় এত দিন ধরে রপ্তানিকারকদের বিদেশে কোনো একজন নাগরিকের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে সে দেশেই তাঁর হিসাবে রপ্তানির অর্থ জমা করতে হতো। পরে সেই অর্থ ওই নাগরিক রপ্তানিকারকের কাছে পাঠাতেন। অর্থাৎ অনলাইনে কোনো কিছু বিক্রি করতে চাইলে ক্রেতাকে সে দেশের কোনো নাগরিকের হিসাব নম্বর দিয়ে বলা হতো, বিনিময় মূল্য (বৈদেশিক মুদ্রা) সেখানে জমা করতে হবে। এ ক্ষেত্রে অর্থ খোয়া যাওয়ারও যথেষ্ট আশঙ্কা থাকত।সফটওয়্যার রপ্তানি করে গত অর্থবছরে তিন লাখ ২০ হাজার ডলার আয় হয়েছে। চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা তিন লাখ ৭০ হাজার ডলার।অর্থনীতিবিদ এবং উন্নয়ন ও তথ্যপ্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ডিনেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান বলেন, এ সুযোগ তৈরি করায় এখন বিশ্বব্যাপী বাংলাদেশের তথ্যপ্রযুক্তি সেবা ও সফটওয়্যার রপ্তানির সম্ভাবনা আরও বাড়ল। তিনি বলেন, দীর্ঘ ১২ বছর ধরে তাঁরা অনলাইনে কেনাবেচা ও এর মূল্য পরিশোধ এবং পড়াশোনার জন্য অর্থ প্রেরণে ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ দাবি করে আসছিলেন।নতুন নিয়মে তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলো তাদের রিটেনশন কোটা থেকে পূর্বানুমতি ছাড়াই বিভিন্ন ধরনের ফি পরিশোধ খাতে বছরে ১০ হাজার ডলার পর্যন্ত বিদেশে পাঠাতে পারবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কিছু ক্ষেত্র নির্দিষ্ট করে দিয়েছে। যেমন, আন্তর্জাতিক অ্যালায়েন্স বা সফটওয়্যার নিবন্ধন ফি, ডোমেইন নিবন্ধন বা হোস্টিং ফি, সার্ভার রক্ষণাবেক্ষণ ফি, অ্যাকাউন্ট ভেরিফিকেশন বা রেমিট্যান্স টেস্ট ফি ইত্যাদি। এত দিন এ অর্থ মূলত হুন্ডি করে বিদেশে পাঠানো হতো।কিছু শর্ত মেনেই অনুমোদিত ডিলাররা ‘সংগ্রহকারী ব্যাংক’ হিসাবে বেসিসের সদস্যদের এবং সফটওয়্যার প্রতিষ্ঠানের অনুকূলে ইন্টারনেটভিত্তিক অর্থ পরিশোধের এই সুযোগ দিয়েছে। ব্যাংক তার নস্ট্রো (বিদেশি ব্যাংকে এ দেশের ব্যাংকের হিসাব) হিসাব থেকে গ্রাহকের হিসাবে পাওনা স্থানান্তর করবে। এ ধরনের অনলাইন পরিশোধের জন্য ব্যাংকের সঙ্গে গ্রাহকের একটি ব্যবসায়িক চুক্তি থাকবে। তবে ব্যাংককে নিশ্চিত হতে হবে যে গ্রাহক বেসিসের সদস্য, নিরাপদ ইন্টারনেট লেনদেনের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে এবং ব্যবসার অনুমতি রয়েছে। এ ছাড়া ব্যাংককে নিশ্চিত হতে হবে যে গ্রাহকের ব্যবসায়ের ধরন অনলাইন পরিশোধ পদ্ধতির সঙ্গে সংগতিপূর্ণ। এ ক্ষেত্রেও কিছু শর্ত আরোপ করা হয়েছে। যেমন, ব্যাংকগুলো এসব কোম্পানিকে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড সরবরাহ করবে। ক্রেডিট কার্ডের সীমা থাকবে এক হাজার ডলার। খরচের পর ক্রেডিট কার্ডে আবার অর্থ ভরা যাবে। মাহবুব জামান বলেন, বেসিস বিষয়টি দেখভাল করবে, যাতে সুযোগের অপব্যবহার কেউ না করে।