সফটওয়্যারের ব্যবসা যেভাবে শুরু
তথ্যপ্রযুক্তি যতই বিস্তৃত হচ্ছে, ততই বাড়ছে কাজ, ব্যবসা আর উদ্যোগের ক্ষেত্র। পৃথিবীর শীর্ষধনীদের তালিকায় বিল গেটস, ল্যারি এলিসনের মতো অনেকেই আছেন, যাঁদের ধনসম্পদ এসেছে মাথা থেকে। সফটওয়্যার বা তথ্যপ্রযুক্তি সেবা-সংশ্লিষ্ট যেকোনো উদ্যোগে প্রথমেই দরকার সৃজনশীল ধারণা।এমন কাজের জন্য প্রাথমিক পুঁজি নিজের বুদ্ধিটাই।সফটওয়্যার বা তথ্যপ্রযুক্তি সেবার ব্যবসায় উদ্যোগ নেওয়ার ক্ষেত্র বাংলাদেশেও তৈরি হয়েছে।গত কয়েক বছরে তথ্যপ্রযুক্তিকেন্দ্রিক সেবার চাহিদা সৃষ্টি হচ্ছে। বিভিন্ন বড় প্রতিষ্ঠানে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা দরকার হচ্ছে। এমনকি দেশে বসেও বিদেশের কাজও পাওয়া যায় (আউটসোর্সিং)।সফটওয়্যার ব্যবসা শুরু করতে পারেন আগ্রহী যে কেউ।সফটওয়্যার ঘিরে উদ্যোগআমাদের দেশে তৈরি হচ্ছে বড় বড় প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের কাজের পরিধিও বড়। অনেক সময় অল্প জনবল দিয়ে এত বড় প্রতিষ্ঠানের কাজ সম্পন্ন করা যায় না। আবার বিভিন্ন কাজে মানুষের ভুল করার আশঙ্কা থেকেই যায়। এসব ঝক্কিঝামেলা এড়াতে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে সফটওয়্যারের সাহায্য নেওয়া হচ্ছে। আর এখানেই সৃষ্টি হচ্ছে অনন্য এক কাজের ক্ষেত্র। এসব সফটওয়্যার তৈরি করা বা পরিচালনার কাজে দক্ষ জনবল লাগছে।বর্তমানে অফিস ও ব্যবসায় ব্যবস্থাপনার সফটওয়্যার যেমন এন্টারপ্রাইস রিসোর্স প্ল্যানিং (ইআরপি)। এ ছাড়া আবাসন, নিরাপত্তা, হাসপাতাল, দোকান, ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন নিরাপত্তা ও হিসাব সংরক্ষণ এবং মানবসম্পদ ব্যবস্থাপনার সফটওয়্যারগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে। এখন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল তৈরি ও ব্যাংক ব্যবস্থাপনার মতো সফটওয়্যারও বেশ দরকারি। এগুলোর অনেক সফটওয়্যার এখন দেশেই তৈরি হচ্ছে। আবার কিছু কিছু বিদেশ থেকেও আনা হচ্ছে। এভাবেই আমাদের দেশে সফটওয়্যারকেন্দ্রিক সেবার পরিধি বাড়ছে।ব্যবসা শুরুর আগেআমাদের দেশের সার্বিক দিক বিবেচনা করে বলা যায়, সফটওয়্যারের ব্যবসা শুরু করার জন্য এটি একটি অনুকূল পরিবেশ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) মহাসচিব ফোরকান বিন কাসেম বলেন, বাংলাদেশে এখন সফটওয়্যারকেন্দ্রিক সেবার পরিমাণ বাড়ছে। তাই এ শিল্পে একটি ভালো কাজের ক্ষেত্র রয়েছে। সফটওয়্যার ব্যবসা শুরুর আগে এটি সম্পর্কে ভালো একটি ধারণা থাকতে হবে। লেখাপড়ার ক্ষেত্র তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যারকেন্দ্রিক হতে হবে। তবে এ ধরনের ব্যবসা শুরুর আগে সফটওয়্যার প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা সবচেয়ে বেশি কাজ দেবে। কোনো প্রতিষ্ঠানে কাজ করার সঙ্গে সঙ্গে বাজারে বিভিন্ন সফটওয়্যারের চাহিদা সম্পর্কে জানা যায়। একই সঙ্গে ব্যবসা শুরুর অভিজ্ঞতাও অর্জন করা যায়।তবে প্রযুক্তিগত জ্ঞানে দক্ষতা ছাড়াও সফটওয়্যার ব্যবসা শুরু করতে পারবেন বলেমনে করেন ফোরকান বিন কাশেম। তিনি বলেন, ব্যবসায় প্রশাসন বিষয়ে পড়ালেখার মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানের সম্পর্কে ধারণা ও কাজের ধরন সম্পর্কে জানা যায়। এখানে কোন ধরনের সফটওয়্যার ব্যবহার হয়, তা জানা যায়। আবার সফটওয়্যার বিক্রয় ও বিপণনে কাজ এ ব্যবসার একটি ধরন।মূলত দুভাবে সফটওয়্যার ব্যবসা শুরু করা যায়। একটি হলো সফটওয়্যার তৈরি করে প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী সফটওয়্যার সেবা প্রদান নিশ্চিত করা। আরেকটি হলো বিভিন্ন ধরনের সফটওয়্যার কিনে বিক্রি করা। তবে নিজের প্রতিষ্ঠানে সফটওয়্যার তৈরি করে তা অন্য প্রতিষ্ঠানে সেবা প্রদান করার ব্যবসাটিই সবচেয়ে সুবিধার।দরকার কপিরাইট যাঁরা সফটওয়্যার নির্মাতা, তাঁদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কপিরাইট। বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ও বিজয় বাংলা সফটওয়্যারের নির্মাতা মোস্তাফা জব্বার বলেন, অনেকে কপিরাইট বিষয়কে একটি জটিল বিষয় মনে করেন, কিন্তু এটি মোটেও তা নয়। তিনি জানান, কপিস্বত্ব না থাকলে একজন নিজের উদ্ভাবন সম্পর্কে দাবি করতে পারেন না। আর একজন নির্মাতার মেধাস্বত্ব অটুট রাখার জন্য কপিরাইট একান্ত জরুরি। কপিরাইট নেওয়ার জন্য একজন নির্মাতাকে এক হাজার টাকা ও একটি নির্দিষ্ট ফরম পূরণ করে শেরেবাংলা নগরের কপিরাইট অফিসে জমা দিতে হবে। এ ছাড়া আবিষ্কার বা উদ্ভাবনের জন্য পেটেন্ট ও বিভিন্ন ডিজাইনের জন্য ট্রেডমার্ক স্বত্ব করতে হবে। মতিঝিলের শিল্প ভবনে গিয়ে এ অফিস থেকে নির্দিষ্ট টাকা ও ফরম পূরণ করতে হবে। মোস্তাফা জব্বার বলেন, কপিরাইটসহ এ-সংক্রান্ত বিভিন্ন পরামর্শের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতি সহায়তা দিয়ে থাকে।তথ্যপ্রযুক্তি সেবা: আমাদের দেশে তথ্যপ্রযুক্তি সেবা বা আইটি অ্যানাবলড সার্ভিসেসের হারও বাড়ছে। রায়ান আইটি লিমিটেডের প্রধান নির্বাহী আহমেদ হাসান জানান, ‘কম্পিউটারের ওপর নির্ভর করে যেসব বাণিজ্যিক সেবা প্রদান করা হয়ে থাকে, তাকে তথ্যপ্রযুক্তি সেবা। আমাদের দেশে এসব কাজের চাহিদা দিন দিন বাড়ছে। বিদেশের অনেক প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তিগত সমাধানের বিভিন্ন কাজ আমাদের দেশে বসেই অনেকে করছে। এ কাজকে আউটসোর্সিং বলে। এ ধরনের সেবার মধ্যে অন্যতম কাজগুলো হচ্ছে ডেটা এন্ট্রি, ওয়েবসাইট তৈরি, ডিজিটাল আর্কাইভ তৈরি, প্রোগ্রাম লেখা, ছোট ছোট সফটওয়্যার তৈরি, ওয়েবসাইটে বিভিন্ন সৃজনশীল লেখার কাজ, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব প্রোগ্রামিং, নকশা তৈরি সম্পাদনা, অ্যানিমেশন তৈরি, গেম তৈরি, অনলাইনে বিপণন ইত্যাদি। বর্তমানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (এসইও) কাজ খুবই জনপ্রিয় হচ্ছে বলেজানান আহমেদ হাসান।তিনি বলেন, একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের ফলাফলে প্রথম দিকে রাখার কৌশলগত প্রক্রিয়া হলো এসইও। অনেক প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইট পরিচালনার জন্যও এখন লোক নিয়োগ করছে। এ ছাড়া হেল্প ডেস্ক, কল সেন্টার প্রভৃতি ক্ষেত্রেও কাজের সৃষ্টি হচ্ছে। এসব কাজের সুবিধা হচ্ছে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যেমন কাজ করা যায়, তেমনি দেশে বসেই বিদেশের কাজও সহজে করা যায়। এটিও ব্যবসা হিসেবে শুরু করা যায়।উদ্যোগ শুরু করার আগেতথ্যপ্রযুক্তি সেবা প্রদানের ব্যবসা শুরুর আগে নিজেকে এ পেশার জন্য উপযুক্ত করে তুলতে হবে। আহমেদ হাসান জানান, এ কাজ শুরুর আগে কাছের মানুষদের এ সেবা পরীক্ষামূলকভাবে দেওয়া যেতে পারে। তাদের চাহিদা আবদারগুলো মনোযোগের সঙ্গে খেয়াল করতে হবে। এভাবে কাজের দক্ষতা কিছুটা বাড়লে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। তবে শুরুতেই এ কাজে লাভ করতে চাওয়া যাবে না বলে জানান আহমেদ হাসান। বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ পেলে তা সঠিক সময়ে করতে হবে এবং নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে হবে। একবার ঠিকমতো সেবা দিতে পারলেই সুনাম বাড়বে, কাজের চাহিদা বাড়বে। প্রথমেই ঠিক করতে হবে কোন কোন দিক নিয়ে আপনি কাজ করতে চান। সেটি নির্দিষ্ট করার পর সেই কাজে দক্ষতা অর্জন করতে হবে। তাহলে কাজ করা সহজ হবে। যাঁরা এ কাজে অভিজ্ঞ, তাঁদের সাহায্য নেওয়া যেতে পারে। অথবা অনলাইনে বিভিন্ন সাইটে কাজ করার বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে, সেখান থেকেও অনেক ধারণা পাওয়া যায়। শুরুতেই তেমন ভালো কাজ পাওয়া যাবে না। ছোট ছোট কাজ করতে করতে যখন গ্রাহকদের আস্থা অর্জিত হবে, তখন আস্তে আস্তে বড় বড় কাজ পাওয়া যাবে।ব্যবসায় ভালো করতেসফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবায় ব্যবসায়িকভাবে ভালো করতে হলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো খুব ভালো ধরনের প্রশিক্ষণ। এ ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান প্রশিক্ষণ দিয়ে আসছে।বেসিসের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। এখানে পাঁচ হাজার টাকা জমা দিয়ে বেসিসের সদস্য হওয়া যায়। এখানে সদস্য হওয়ার পর থেকেই তথ্যপ্রযুক্তিসেবা ও সফটওয়্যারের নানা বিষয়ে দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও বাংলাদেশ কম্পিউটার সমিতি বিভিন্ন সময়ে বিভিন্ন সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে, যা এসব কাজের জন্য অত্যন্ত সহায়ক।